আলজেরিয়ায় সাধারণ ক্ষমার ওপর গণভোট
আলজেরিয়ায় দীর্ঘ কয়েক বছরের গৃহযুদ্ধের অবসানের জন্য অপরাধীদের সাধারণ ক্ষমতার আওতায় আনতে সরকার সেদেশে গণভোটের আয়োজন করেছে।
জনগণের ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সাজাপ্রাপ্ত অপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করবে সরকার।
গৃহযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত অপরাধীরা এই সাধারন ক্ষমার আওতায় আসবে।
কিন্তু সরকার বিরোধীরা গণভোট বর্জন করছে। তাদের দাবি, সংঘাতের সময় যে হাজার হাজার লোককে যারা হত্যা বা নির্যাতন করেছে তাদের শাস্তি হওয়া উচিৎ। সঠিক বিচার ছাড়া কোন ক্ষমা নয়। সরকারকে সেজন্য জবাবদিহি করতে হবে।
প্রেসিডেন্ট আব্দেলআজিজ বোতেফলিকার শান্তি ও জাতীয় সংহতির জন্য গৃহীত চার্টারে আলজেরিয়াকে আধুনিক করা সহ পশ্চিমা দেশগুলোর সাথে এর সম্পর্ক উন্নয়নের কথা স্থান পেয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের কথাও এতে অন্তর্ভূক্ত হয়।
কিন্তু নিহত পুত্রের মা চেরগুন জুগা বলেন,আমি চাই না ছেলে হারানোর ক্ষতি পূরণ করতে সরকার আমাকে অর্থ দিক। আমি চাই আমাকে সত্য বলা হোক, কেন নিরাপত্তা কর্মীরা আমার ছেলেকে অপহরণ করেছিল।
আলজেরিয়ায় ইসলামি চরমপন্থি ও সেনাবাহিনীর মধ্যে এক দশকের যুদ্ধে এক লাখেরও বেশি লোক নিহত হয়েছে এবং হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে।
