২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফায় রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পুতিনের অস্বীকৃতি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় দফায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 01:02 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি বলেন, ২০০৮ সালের পর তৃতীয় দফায় রাষ্ট্রপতির দায়িত্ব নিতে সংবিধান পরিবর্তন করবেন না।

টেলিভিশনের একটি প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তৃতীয় দফায় রাষ্ট্র পরিচালনার জন্য গণভোটের ঘোষণা দেবেন কি না সে প্রশ্নের উত্তরে পুতিন বলেন, তিনি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আইন, সর্বোপরি রাশিয়া ফেডারেশনের সংবিধানের কোন পরিবর্তনের যৌক্তিকতা নেই। তিনি ২০০৮ সালের পরও রাষ্ট্রপতির ক্ষমতায় থাকতে চাইলেও সংবিধান অনুযায়ী তা সম্ভব নয় বলে জানান।

পুতিন আরও বলেন, তিনি সারাজীবনের জন্য ক্ষমতায় থাকতে চান না।

পুতিনের এ বক্তব্য তৃতীয় দফায় তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের গুজবের ইতি টানলেও তার কোন উত্তরসুড়ি বা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে।

রাশিয়ার সংবিধানে পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার কোনও সুযোগ নেই।

তবে রাষ্ট্রপতি পদে তাকে দেখতে চান এমন অনেকেই বেলারুসের সঙ্গে রাশিয়াকে একীভূত করে পুতিনকে সেখানকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন।

আবার অনেকে রাশিয়াকে সংসদীয় রিপাবলিক হিসেবে দেখতে চান, যেখানে সাপ্তাহিক রাষ্ট্রপতির অধীনে পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে এসব কিছুর জন্য নির্বাচনী আইনের পরিবর্তন প্রয়োজন।

পুতিন তার কথায় অবিচল থাকলে প্রতিরক্ষা মন্ত্রী সারজেই ইভানভই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ইভানভ এ ব্যাপারে আগ্রহী নন বলে জানা গেছে।

পুতিনের পৃষ্টপোষক দিমিত্রি কোজাককেও এ তালিকায় রাখা হয়েছে।

২০০৩ সালে পুতিনের নির্দেশে বহিষ্কৃত সাবেক প্রধান মন্ত্রী মিখাইল কাসিয়ানভ বলেন, তিনি ২০০৮ সালে রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পুতিন মঙ্গলবার মোবাইলে এসএমএস, ই-মেইলসহ রাশিয়ার ১২টি শহরের সঙ্গে সংযুক্ত পদ্ধতির মাধ্যমে প্রেরিত প্রশ্নের জবাব দেন।