পারমাণবিক ইস্যু জাতিসংঘে প্রেরণ না করতে ইরানের হুমকি
ইরানের ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে।
ভাইস প্রেসিডেন্ট গোলাম রেজা আঘাজাদিহ ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) বৈঠকে এ কথা বলেন। জাতিসংঘের পারমাণবিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইএইএ ইরান সংকট নিয়ে বৈঠক করছে।
এদিকে জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের তেহরানে পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে বাধা দেবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দিয়েছে।
ইরানের বক্তব্য, তেহরানের পারমাণবিক কর্মসূচিতে কোন জটিলতা নেই। তবে পশ্চিমা বিশ্ব সবসময় অভিযোগ করে বলেছে, বেসামরিক ও শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে ইরান আসলে পারমাণবিক বোমা উৎপাদনের চেষ্টা করছে। ইরান অবশ্য এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
আইএইএ বোর্ড গভর্নর শনিবার ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো সংক্রান্ত এক প্রস্তাব পাসের পক্ষে অনুমোদন দেয়। তবে কবে জাতিসংঘে ইরান ইস্যুটি প্রেরণ করা হবে সে ব্যাপারে কোন নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি।
ইরানের বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হলে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হতে পারে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উত্থাপিত প্রস্তাবে বলা হয়, পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ (এনপিটি) চুক্তির শর্তাবলী অক্ষুন্ন রাখতে ইরান ব্যর্থ হয়েছে।
আইএইএ বোর্ডের ১২ সদস্য দেশ বৈঠকে অনুপস্থিত ছিল।
আইএইএ প্রধান মোহাম্মেদ আলবারাদি বলেছেন, সমঝোতার জন্য এখনও পথ খোলা রয়েছে।
আলবারাদির জবাবে আঘাজাদিহ সোমবার বলেন, নিরাপত্তা পরিষদে পারমাণবিক ইস্যু প্রেরণ করা হলে বেশ কিছু ঘটনার জন্ম দেবে। এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইএইএ যদি ইরান ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করে, তাহলে তেহরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি সংক্রান্ত অতিরিক্ত প্রটোকল চেয়ে আইএইএ যে আবেদন জানিয়েছে, তেহরান সে আবেদন প্রত্যাখ্যান করবে।
ইরান অতিরিক্ত প্রটোকলে স্বাক্ষর করলে তা অনুমোদন করেনি।
তেহরান সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রাথমিক পর্যায়ের পারমাণবিক কর্মসূচি সচল করেছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে ফলপ্রসু আলোচনার পর ইরান ২০০৪ সালে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল।
