২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিকুদ পার্টির নেতৃত্বের নির্বাচনে শ্যারনের জয়

ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন নিজ দলের নেতৃত্বের নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 09:33 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নির্ধারিত সময়ের আগেই পার্লামেন্ট নির্বাচন আয়োজনের দাবির মাধ্যমে লিকুদ পার্টির একটি অংশ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, অন্তর্দলীয় নির্বাচনে শ্যারন সামান্য ব্যবধানে দলের বিরোধী অংশকে পরাজিত করলেন।

পার্লামেন্ট নির্বাচন ২০০৬ সালের এপ্রিলে হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী বেঞ্জামিন নেতানিয়াহু নভেম্বর মাসে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিলেন। ৩০০০ সদস্য বিশিষ্ট লিকুদ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে শ্যারন নেতানিয়াহুকে ১০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের পর নেতৃত্বের নির্বাচনে অন্তর্দলীয় ভোটকে শ্যারনের জন্য গণভোট হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী শ্যারন ফিলিস্তিনি জঙ্গিদের কাছে গাজা উপত্যকা সমর্পণ করেছেন বলে নেতানিয়াহু অভিযোগ করেছেন।

নির্বাচনে শ্যারনের পক্ষে ১,৪৩৩টি ও বিপক্ষে ১,৩২৯টি ভোট পড়ে।

লিকুদ পার্টির অনেকেই মনে করেন যে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের মাধ্যমে ফিলিস্তিনি সহিংসতাকে পুরস্কৃত করা হয়েছে। তবে সাধারণ জনগণের মধ্যে শ্যারনের জনপ্রিয়তা এখনও প্রবল। আর এ কারণেই পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে শ্যারন জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর তার নেতৃত্বে কাজ করার জন্য শ্যারন দলের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

নেতানিয়াহু পরাজয় মেনে নিয়েছেন। তবে দাবি পূরণে তিনি চেষ্টা করে যাবেন বলে নেতানিয়াহু জানিয়েছেন।

নেতানিয়াহু বলেন, আমরা অল্প কিছু ভোটে পরাজিত হয়েছি। দলের বর্তমান প্রবাহের বিরুদ্ধে, চাপের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে এবং প্রলোভনের বিরুদ্ধে একটি বড় দল যে কাজ করছে তা প্রমাণিত হয়েছে।