দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ চুক্তির পক্ষে বিশ্ব ব্যাংকের সমর্থন
বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা বিশ্বের দরিদ্র দেশগুলোর ৫৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মওকুফ চুক্তির পক্ষে সমর্থন জানিয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ পরিকল্পনায় সম্মতি জানানোর পরই দাতারা এ সিদ্ধান্ত নেন।
জি ৮ ভুক্ত শিল্পোন্নত দেশের নেতারা স্টকল্যান্ডের গ্লিনগ্লসে জুলাইয়ে অনুষ্ঠিত সম্মেলনে ঋণ মওকুফ চুক্তি সম্পন্ন করার প্রস্তাব করেন।
মার্কিন অর্থ মন্ত্রী জন স্নো বলেন, বিশ্ব ব্যাংকের উন্নয়ন কমিটি জোরালোভাবে এ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের নির্বাহী বোর্ড দ্রুত ঋণ মওকুফের চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করবে বলে আমরা আশা করছি।
ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ দাতাদের সম্প্রতি বার্ষিক কয়েক দফা বৈঠক শেষে বিশ্ব ব্যাংক ঋণ মওকুফের সিদ্ধান্তকে সমর্থন জানায়।
এই চুক্তি বাস্তবায়ন হলে যেসকল দেশ লাভবান হবে সেগুলো হলো-বেনিন, বলিভিয়া, বুরকিনা ফাসো, ইথিওপিয়া, ঘানা, গুয়েনা, হন্ডুরাস, মাদাগাস্কার, মালি, মৌরতানিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া। ২০০৫ সাল থেকে ঋণগ্রহীতারা এ সুবিধা পেতে যাচ্ছে।
যুক্তরাজ্যের চ্যান্সেলর গর্ডন ব্রাউন বলেন, প্রাথমিক পর্যায়ে ১৮টি জাতির ৪০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মওকুফ করে দেওয়া হবে। তবে ক্রমান্বয়ে মোট ৫৫ শতাংশ ঋণ মওকুফ করা হবে।
এদিকে বেলজিয়াম ও নেদারল্যান্ডের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ অভিযোগ করে বলেছে, ধনী দেশগুলোর বরাদ্দকৃত অর্থ ঋণ মওকুফ করায় বিশ্ব ব্যাংকের তহবিল ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত নয়।
ঋণের শতকরা ৭০ শতাংশ বিশ্ব ব্যাংকের হলেও বাকি অংশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দরিদ্র দেশগুলো গ্রহণ করেছিল।
একটি ক্যামপেইন গ্রুপ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানালেও জি ৮ এর প্রস্তাবে আরও বেশ কয়েকটি দরিদ্র দেশকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল বলে সমালোচনা করেছে।
ঋণ মওকুফের এ সিদ্ধান্তকে ২০১৫ সালের মধ্যে জাতিসংঘের চরম দরিদ্র জনগণের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ চুক্তি সমর্থন করে।
দায়িত্ব গ্রহণের পর বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রধান পল উলফোভিৎজ প্রথমবারের মত অংশ নিয়েছেন।
