২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা বন্ধে হামাসের ঘোষণা

ফিলিস্তিনের প্রধান জঙ্গি সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 08:48 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সম্প্রতি ইসরাইলকে লক্ষ্য করে চল্লিশটিরও বেশি রকেট হামলার ঘটনা ঘটেছে। ইসরাইল চলতি মাসের প্রথম দিকে গাজা উপত্যকা থেকে তাদের বসতি প্রত্যাহার করে নেওয়ার পর তাদের লক্ষ্য করে রকেট হামলার ঘটনা বৃদ্ধি পায়।

রকেট হামলার জবাবে ফিলিস্তিনি জঙ্গি নেতাদের বিরুদ্ধে ইসরাইলও বিমান হামলা শুরু করে।

ইসরাইলি সেনাবাহিনী সোমবার ভোরে ফিলিস্তিনি জঙ্গিদের আস্তানা গাজার উত্তরাঞ্চলীয় একটি খোলা রাস্তায় মিসাইল হামলা চালিয়েছে। এ হামলায় একজন ফিলিস্তিনি মহিলা আহত হয়েছে।

রকেট হামলার অবসানের ঘোষণা দিতে গিয়ে গাজায় হামাস নেতা মাহমুদ জহর বলেন, চলতি বছরের শুরুতে হামাস অস্ত্রবিরতির যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণার প্রতি তারা এখনও শ্রদ্ধাশীল রয়েছে।

জহর বলেন, ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা বন্ধের মাধ্যমে হামাস ইহুদি নির্যাতন থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে চেয়েছে।

ইসরাইলকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে ফিলিস্তিনি নেতৃবৃন্দ ও মিশরীয় মধ্যস্থতাকারীরা হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার ইসরাইলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়ে দুই ইসলামিক জিহাদ জঙ্গিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সংগঠনের কমান্ডার মোহাম্মদ খলিল রয়েছেন।