ঘরে ফিরতে শুরু করেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা আক্রান্তরা
মার্কিন উপকূলে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা আঘাত হানার পর হিউস্টোন ও টেক্সাস থেকে অন্যত্র সরে যাওয়া লোকেরা পুনরায় নিজেদের বাসস্থানে ফিরতে শুরু করেছে।
ঘরে ফেরা মানুষের জন্য নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে। পুনরায় দীর্ঘ যানজট এড়াতে নির্দিষ্ট রুটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
টেক্সাসের কয়েকটি অংশে এখনও বিদ্যুৎ নেই। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত বন্ধ রয়েছে।
এদিকে লুইজিয়ানার নিম্নাঞ্চল থেকে নির্দেশ অমান্য করে সেখানে থেকে যাওয়া কয়েকশ’ মানুষকে খোঁজা হচ্ছে। লুইজিয়ানার গর্ভনর ক্যাথলিন ব্লাঙ্কো হেলিকপ্টারযোগে ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত ওই এলাকা পরিদর্শণ করেন।
নিউ অরলিন্সের দক্ষিণে কাজুন শহরে বৃষ্টি ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যার পানির উচ্চতা এখনও ৯ ফুট বলে জানা গেছে।
টেক্সাসের গর্ভনর রিক পেরি নিজেদের বাসভূমিতে ফিরে যেতে আরও কিছুটা সময় নেওয়ার আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের আট বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলো তেমন ক্ষতিগ্রস্ত না হওয়ায় শিগগিরই তেল উৎপাদন শুরু করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অন্যত্র আশ্রয় নেওয়া লোকজনদের ফিরে যাওয়ার বিলম্বতার সমালোচনা করেছেন হিউস্টোনের দক্ষিণ-পশ্চিমের ব্রাজোরিয়া কাউন্টির শীর্ষ কর্মকর্তা জন উইলি। তিনি বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনা মানুষকে ক্লান্ত করে তুলেছে। তাই তারা নিজেরাই ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।
টেক্সাস গর্ভনর রাষ্ট্রীয় জরুরী পরিকল্পনা খতিয়ে দেখছেন।
ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম আরও তিন থেকে পাঁচ দিন দেরি হতে পারে বলে জানা গেছে।
গর্ভনর ক্যাথলিন ব্লাঙ্কো রোববার রিটা ও ক্যাটরিনার আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো মেরামতের জন্য কমপক্ষে ৩২ বিলিয়ন মার্কিন ডলার ফেডারেল সহায়তা চেয়েছেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ব্যাটন রুজে ব্লাঙ্কোর সাক্ষাতের পর যোগাযোগ ব্যবস্থা ও বন্যা মোকাবেলা কাজে ওই অর্থ ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন।
