২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে ইরাক যুদ্ধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে হাজার হাজার যুদ্ধ-বিরোধী মার্কিনি ওয়াশিংটনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

হোয়াইট হাউস এবং ওয়াশিংটন মনুমেন্টের কাছে ১১ ঘন্টাব্যাপী এ সমাবেশে এক লাখ লোক অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। ইরাক যুদ্ধ শুরু হওয়ার পরে ওয়াশিংটনে অনুষ্ঠিত এটাই সবচে বড় যুদ্ধ বিরোধী বলে তারা দাবি করেন।

ইরাক থেকে সৈন্য ফিরিয়ে আনো, বুশের মিথ্যাচারে হাজার জনের মৃত্যু ইত্যাদি শিরোনামে লেখা ব্যানার হাতে বিক্ষোভকারীরা সমাবেশে অংশ নেয়।

সম্প্রতি এক মতামত জরিপে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ মার্কিন জনগণ মনে করে ইরাক যুদ্ধ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং সেখান থেকে মার্কিন সেনা দ্রুত ফিরিয়ে আনা উচিত।

তবে প্রেসিডেন্ট বুশের ইরাক নীতির সমর্থক অল্প সংখ্যক মার্কিনিও ওয়াশিংটনে পাল্টা র‌্যালিতে অংশ নিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অন্যান্য বেশ কিছু শহরে এবং লন্ডন, রোম ও প্যারিসেও এধরনের যুদ্ধ বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে এসব সমাবেশের অনেকগুলোতেই বিগত বছরগুলোর চাইতে বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল বলে জানা যায়।

ইতোমধ্যে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটলসহ ইউরোপের প্রধান প্রধান শহরে যুদ্ধবিরোধী সমাবেশ অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। লন্ডনে হাজার দশেক লোক যুদ্ধ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে বলে ব্রিটিশ পুলিশ জানিয়েছে। অবশ্য আয়োজকরা এই সংখ্যা এক লাখ বলে দাবি করেছে।

র‌্যালিতে অংশগ্রহণকারী ইরাকযুদ্ধে নিহত এক মার্কিন সেনার মা সিন্ডি শিহান বলেন,এ যুদ্ধ অবসানে আমাদের একটি গণআন্দোলন গড়ে তোলা দরকার।

৬০ বছর বয়স্ক পল রাদার ফোল্ড বলেন,সাবেক রিপাবলিকান হিসেবে এখনো বুশকে সমর্থন করলেও ইরাক যুদ্ধের ব্যাপারে তিনি একমত নন। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট বুশের স্বীকার করা উচিত যে, যুদ্ধে জড়িয়ে তিনি ভুল করেছেন। তার উচিত সেনাদের ফিরিয়ে আনা।