২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরাইলি বিমান হামলা: নিহত ২, আহত ২৯

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দু’জন হামাস সদস্য নিহত এবং শিশুসহ আরও ২৯ জন আহত হয়েছে। শনিবার বিকেল থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত এ হামলা চলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 11:12 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ইসরাইল ভূ-খণ্ডে কমপক্ষে ৩৬টি রকেট হামলার পর এ হামলা চালানো হয় বলে ইসরাইল কর্তৃপক্ষের দাবি। গাজা ছেড়ে যাওয়ার পর এটিই প্রথম হামলা। এ ঘটনায় ছয়জন ইসরাইলি সামান্য আহত হয় বলে জানা গেছে। এদিকে হামাস জানিয়েছে, শুক্রবার গাজায় এক সমাবেশে ইসরাইল হামলা চালালে ১৫ জন নিহত এবং কয়েকশ’ লোক আহত হয়।

শনিবার বিকেল থেকে ইসরাইল গাজায় কমপক্ষে ১২ বার বিমান হামলা চালায়। শহরের আকরাম স্কুলে রোববার ইসরাইলি বিমান হামলায় ১৫ জন আহত হয়েছে। স্কুলটি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন। ওই স্কুলটি জঙ্গি সংগঠন হামাসের জন্য তহবিল গঠন করার কাজে ব্যবহৃত হয়ে আসছিল বলে ইসরাইলিরা দাবি করেছে। হামলায় স্কুলের একাংশ ও আশেপাশের কমপক্ষে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, মহিলা ও শিশুরাই বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই সেখানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়।

ইসরাইল গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার দু’ সপ্তাহের কম সময়ের মধ্যে সেখানে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি মন্ত্রীসভার বৈঠক শেষ হওয়ার পরপরই গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে অবস্থিত অস্ত্র ভান্ডারে প্রথম হামলা চালানো হয়। এতে দু’জন নিহত হয়।

ইসরাইলি বাহিনী জঙ্গি নিধনসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

তবে ইসরাইলের প্রেসিডেন্ট শ্যারন ভূমি দখলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

তিনি হামলাকারীদের ব্যবহৃত এলাকাগুলোতে হামলা ও গাজার উত্তর সীমান্তবর্তী এলাকায় গোলন্দাজবাহিনী বসানোর নির্দেশ দিয়েছেন।