২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ চুক্তি সমর্থন করছে আইএমএফ কমিটি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দরিদ্র দেশসমূহের জন্য ৫৫ বিলিয়ন ডলার ঋণ মওকুফের জন্য বিশ্বের ধনী দেশগুলোর একটি চুক্তিকে সমর্থন জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

গত জুলাইয়ে শিল্পোন্নত দেশগুলোর সমন্বয়ে গঠিত জি-৮ নেতাদের প্রস্তাবিত চুক্তির সকল উপাদান অনুমোদন শেষে আইএমএফ এটাকে এখন তার দ্বিতীয় প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকে (ডব্লিউবি) পাঠিয়েছে। কিন্তু ঋণদাতারা এক্ষেত্রে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবে না বলে উদ্বেগ দেখা দিয়েছে।

১৮৪ সদস্যের আইএমএফ ও বিশ্ব ব্যাংক এ সপ্তাহে ওয়াশিংটনে বার্ষিক বৈঠকে বসছে। বিশ্ব ব্যাংক রোববার চুক্তিটিকে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।

আইএমএফ স্টিয়ারিং কমিটির প্রধান যুক্তরাজ্যের চ্যান্সেলর গর্ডন ব্রাউন বলেছেন, চুক্তির সকল উপাদানের ওপর ঐকমত্যে পৌঁছার পর ২৪ সদস্য বিশিষ্ট আইএমএফ কার্যনির্বাহী বোর্ড অচিরেই এটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বসবেন।

স্কটল্যান্ডের গ্লিনগ্লসে স্বাক্ষরিত চুক্তিটি জাতিসংঘের ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসরত লোকজনের সংখ্যা অর্ধেক কমিয়ে আনার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিটেন , কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় এ প্রস্তাব সমর্থন করেছিল।

তবে বেলজিয়াম ও নেদারল্যান্ডের নেতৃত্বে কিছু দেশ অভিযোগ করেছিল যে, বিশ্ব ব্যাংক এই ঋণ মওকুফ করে যে তহবিল সংকটে পড়বে তা পূরণের জন্য ধনী দেশগুলো সেরকম কোন প্রতিশ্রুতি দেয়নি।