ভারতে রাজবংশীদের অনশন ধর্মঘটের অবসান
ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের রাজবংশীরা শনিবার থেকে অনশন ধর্মঘট তুলে নিয়েছে।
স্বাধীন স্বতন্ত্র অঙ্গরাজ্য গঠনের দাবিতে রাজবংশী আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১০,০০০ লোক অনশন ধর্মঘট শুরু করেছিল। সরকারি কর্মকর্তাদের ইতিবাচক সাড়া পাবার পর তারা অনশন প্রত্যাহার করে নেয়।
স্থানীয় সরকারের শীর্ষ কর্মকর্তা রবিন্দর সিং জানান, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। একটি আলাদা আদিবাসী রাজ্য গঠনের যে দাবি তারা জানিয়েছেন, তা দিল্লীস্থ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার ১৫ অক্টোবরের মধ্যে আদিবাসীদের দাবির জবাব দেবে বলে রবিন্দর সিং জানান।
ধর্মঘটকারীদের একজনন মুখপাত্র বংশীবাদন বর্মন বলেন, প্রশাসনের নিকট থেকে ইতিবাচক সাড়া পাবার পরপরই অনশন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি ধর্মঘটীদের দাবি মেনে না নেয়, তাহলে আদিবাসীরা আবার অনশন ধর্মঘট শুরু করবে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শনিবার আদিবাসী এলাকা কুচ বিহার পরিদর্শণে যাচ্ছেন।
গত সপ্তাহে ধর্মঘটীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়।
অধিকাংশ ধর্মঘটী উত্তর বঙ্গ, প্রতিবেশী বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দুটি জেলা এবং আসাম রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বসবাস করছে।
রাজবংশী রাজারা পূর্বাঞ্চলীয় ভারতের কুচ বিহার রাজ্য শাসন করতেন। ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করলে ত্রিপুরা ও মনিপুর রাজ্যের মত কুচবিহারও ভারতের সাথে যুক্ত হয়।
