জাতিসংঘের খাদ্য সাহায্য উত্তর কোরিয়ার প্রত্যাখ্যান
উত্তর কোরিয়া জাতিসংঘের কাছ থেকে কোন প্রকার খাদ্য সাহায্য নেবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যদিও দেশটিতে এখনও বিদ্যমান রয়েছে অপুষ্টি।
দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সু হন খাদ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, উত্তর কোরিয়ার অন্যান্য উৎস থেকে পাওয়া পর্যাপ্ত খাদ্য রয়েছে। তবে ত্রাণ কাজের সঙ্গে রাজনীতি মেশানোর অভিযোগ নাকচ করে দিয়েছে ওয়াশিংটন।
জাতিসংঘ মহাসচিব কফি আনানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে উত্তর কোরীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সু হন বলেন, এ বছরের শেষ নাগাদ মানবিক ত্রান বিতরণ বন্ধ করতে আমরা তাকে অনুরোধ করেছি। মানবিক সহায়তাকে মানবাধিকারের সাথে যুক্ত করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে তিনি বলেন, মানবিক সহায়তা এত দীর্ঘ সময় চলতে পারে না। আমরা এ বছর ভাল ফসল পেয়েছি। আমাদের সরকার আমাদের জনগনের কাছে এ খাদ্য পৌঁছে দিতে প্রস্তুত।
কমিউনিষ্ট রাষ্ট্রটিতে ত্রান কার্যক্রম পর্যবেক্ষণ নিয়ে দাতা সংস্থাগুলোর মধ্যে দীর্ঘদিনের উৎকন্ঠা থাকলেও চীন এবং দক্ষিন কোরিয়া কোন প্রকার মনিটরিং ছাড়াই উত্তর কোরিয়াকে খাদ্য সাহায্য দিয়েছে।
ত্রান বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া এখনো বিদেশী সাহায্যের ওপর নির্ভরশীল এবং অপুষ্টির হারের দিক থেকে দেশটি বিশ্বের শীর্ষ স্থানীয় দেশগুলোর একটি।
