স্বাধীন ভূখণ্ডের দাবিতে কুচবিহারে ২০ হাজার আদিবাসীর বিক্ষোভ ও সমাবেশ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলায় ২০ হাজারেরও বেশি রাজবংশী আদিবাসী স্বাধীন ভূখণ্ডের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আগের দিনের ভয়াবহ সংঘর্ষে পাঁচ জন নিহত এবং একশ’র বেশি আহত হলে বুধবার তারা আরও ব্যাপাক আন্দোলন কর্মসূচি গ্রহণ করে এবং সড়ক অবরোধ করে রাখে।
মঙ্গলবার বিক্ষুব্ধ রাজবংশীদের হামলায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয় এবং পুলিশের হাতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষুব্ধ রাজবংশীরা নিহত তিন পুলিশের দু’ জনের চোখ উপড়ে ফেলায় সংঘর্ষের তীব্রতা আরও বেড়ে যায়। পরিস্থিতি শান্ত করতে রাজ্য সরকার জেলাটিতে বিপুল সংখ্যক সৈন্য পাঠিয়েছে।
মঙ্গলবারের গুলিবর্ষণের ঘটনা তদন্তের দাবি জানিয়েছে রাজবংশীরা। সেখানে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং আসাম ও বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত রাজবংশীরা একটি বিশাল আদিবাসী নৃগোষ্ঠী। ব্রিটিশ শাসন অবসানের আগ পর্যন্ত তারা তাদের রাজাদের শাসনাধীনে ছিল। রাজবংশীদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক ও নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র দলগুলো স্বাধীন ভূখণ্ডের দাবিকে সমর্থন করে আসছে।
