খাটো মহিলাকে চাকরি না দেওয়ায় ভলভো কোম্পানিকে জরিমানা
খাটো এক মহিলাকে চাকরি না দেওয়ায় সুইডেনের একটি শ্রম আদালত ফোর্ডের ভলভো কার কর্পোরেশনকে ৪০ হাজার সুইডিশ ক্রোনার (দুই হাজার ৮৯১ পাউন্ড) জরিমানা করেছে।
সাতাশ বছর বয়স্কা ওই মহিলা তিন বছর আগে ভলভো কার কোম্পানির গোথেনবার্গ প্লান্টের চাকরির জন্য আবেদন করেছিল। তার উচ্চতা ছিল ১৬০ সেন্টিমিটার। নিরাপত্তার কারণে কোম্পানি প্রার্থীদের উচ্চতা ১৬৩ সেন্টিমিটার থেকে ১৯৫ সেন্টিমিটার নির্ধারণ করে দিয়েছিল।
বুধবারের রায়ে শ্রম আদালত রুলিংয়ে জানায় যে, ওই মহিলাকে চাকরি না দিয়ে ভলভো কোম্পানি নারীদের প্রতি কোনও বৈষম্যমূলক আচরণ করেনি। তবে প্রার্থীদের নির্ধারিত উচ্চতা বজায় থাকলে সুইডেনের নারীদের একটি বিশাল অংশ চাকরির জন্য আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হবে।
শ্রম আদালতের রায় সম্পর্কে ভলভোর মুখপাত্র ক্রিস্টার গুস্তাফসন বলেন, এটা আমাদের কাছেও পরিষ্কার যে, চার বছর আগে আমরা যে উচ্চতা নির্ধারন করেছিলাম তা অপসারণ করা প্রয়োজন।
