জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায় ইসরায়েল
আরব ও মুসলিম দেশগুলোর সাথে ক্রমবর্ধমান যোগাযোগে উৎসাহিত হয়ে ইসরায়েল এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে বুধবার ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী সিলভ্যান শ্যালম বলেছেন, জাতিসংঘের নীতিনির্ধারণী পরিষদ এই সংস্থাটিতে একটি আসন দিয়ে ইসরায়েলকে একটি দেশ হিসেবে পূর্ণ ও সমান অধিকার পেয়ে সঠিক অবস্থানে থাকতে সহায়তা করবে।
শ্যালম আরও বলেন যে, তার দেশ প্রথমবারের মতো সাধারণ পরিষদ সম্মেলনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
তিনি বলেন, মুসলিম এবং আরব দেশগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক এমন হারে বাড়ছে যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলের প্রতি বন্ধুত্ব ও স্বীকৃতির হাত বাড়িয়ে দেওয়া দেশগুলোর মধ্যে তিনি পাকিস্তানের নাম উল্লেখ করেন।
