মার্কিন সেনা লিন্ডি ইংল্যান্ডের পুনর্বিচার শুরু
ইরাকের কুখ্যাত আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের কেলেংকারির সাথে সংশ্লিষ্ট মার্কিন সেনা লিন্ডি ইংল্যান্ডের পুনর্বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
লিন্ডি ইংল্যান্ডের বিরুদ্ধে আনীত ষড়যন্ত্র, অশোভন আচরণ ও বন্দি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তার ১১ বছরের জেল হতে পারে।
আবু গারিব কারাগারের নিরাপত্তা রক্ষীদের আনন্দ দিতে বন্দিদের নগ্ন চিত্র ধারণ করা হয়েছিল বলে ইংল্যান্ড স্বীকার করেছে।
টেক্সাসের পাঁচ সামরিক কর্মকর্তাকে নিয়ে গঠিত জুড়িদের সামনে ইংল্যান্ডের আইনজীবী বুধবার যুক্তি দেখান যে, সাবেক প্রেমিক গ্রানার কর্তৃক লিন্ডি প্রভাবিত হয়েছিল।
সরকারি কৌঁসুলি চাক নেইল বলেছেন, ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্রগুলো থেকে স্পষ্ট বোঝা গেছে যে, লিন্ডি বিষয়টি উপভোগ করেছে।
বৃহস্পতিবার আবার বিচার বসবে।
