২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ১০ লাখেরও বেশি লোক দিশেহারা

সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা আঘাত হানতে পারে এই ভয়ে ১০ লাখেরও বেশি সংখ্যক লোক যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূল থেকে সরে যেতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ক্যাটাগরি ৫ মাত্রায় উন্নীত টেক্সাসমুখী ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬৫ কিলোমিটার বলে জানা গেছে।

আবহাওয়াবিদরা বলেন, টেক্সাসে ঝড়টি প্রচণ্ড আঘাত হানতে পারে এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এ ধরণের শক্তিশালী ঝড় ইতোপূর্বে দেখা যায়নি।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেক্সাস ও পাশ্ববর্তী লুজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সেখানকার লোকজনকে স্থান ত্যাগের নির্দেশ দিয়ে বলেছেন, সবাইকে এ ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। মেক্সিকো উপসাগরের উষ্ণ ও অগভীর পানির কারণে বুধবার রিটার গতিবেগ দু’ দফা বেড়ে যায়।

প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধাবিত রিটা শনিবারে কমপক্ষে ক্যাটাগরি ৩ মাত্রায় টেক্সাসে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যাটাগরি ৫ মাত্রাকে স্কেলের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরা হয়ে থাকে। গত মাসে নিউ অর্লিন্সে সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা ক্যাটাগরি ৪ মাত্রায় আঘাত হানে।

টেক্সাসের গালভেস্টন এবং হিউস্টোন ও কোরপাস ক্রিস্টি শহরের অংশবিশেষ থেকে স্থানীয় লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাতে কয়েক শ’ লুজিয়ানাবাসী টেক্সাসে আশ্রয় নিলেও এখন তারা সেখান থেকে সরে আরাকানসাস ও টেনেসিতে আশ্রয় নিয়েছে।

হিউস্টোনের মেয়র বিল হোয়াইট সতর্ক করে বলেছেন, সরকারি যানের সংখ্যা অপ্রতুল হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তিনি তাদের উদ্ধারে বন্ধু-বান্ধব ও নিকটবর্তীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

যদিও নিউ অর্লিন্সে এই ঝড়ের আঘাত হানার সম্ভাবনা না থাকলেও রিটার প্রবল বৃষ্টি আরও বন্যার সৃষ্টি করতে পারে সে আশঙ্ককায় প্রকৌশলবিদরা বাঁধ মেরামতের চেষ্টা করছেন।

মার্কিন কর্তৃপক্ষ বলেন, উপসাগরে শতকরা ৭০ শতাংশেরও বেশি তেল উৎপাদন বন্ধ রয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা হিউস্টোনে অবস্থিত জনসন স্পেস সেন্টার বন্ধের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের নিয়ন্ত্রণ রাশিয়াতে স্থানান্তর করেছে।

এর আগে ক্যাটরিনার আঘাত মোকাবেলা করতে না পারায় ব্যাপক সমালোচনার পর ফেডারেল কর্তৃপক্ষ জরুরি কর্মী ও চিকিৎসক দল প্রস্তুত রেখেছে।

মেক্সিকোর পূর্ব উপকূলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ট্রাক ভর্তি পানি, বরফ, খাদ্য ও চিকিৎসা সামগ্রীও জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে কিউবান কর্মকর্তারা বলেছেন, সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা কিউবাতেও প্রচণ্ড আঘাত হানে। এতে করে সেখানকার প্রায় ৫৮ হাজার মানুষকে উত্তরাঞ্চলীয় উপকূল এবং ৬ হাজারেরও বেশি লোককে হাভানা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।