হেলিকপ্টার দুর্ঘটনায় মেক্সিকোর জননিরাপত্তা মন্ত্রীর মৃত্যু
মেক্সিকোতে এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির জননিরাপত্তা মন্ত্রী র্যামন মার্টিন হুয়েরতাসহ নয় জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স প্রাণহানির খবরের সত্যতা স্বীকার করেছেন।
বুধবার একটি নিরাপত্তা জেল পরিদর্শনে আসার পথে মেক্সিকোর মাদকবিরোধী আন্দোলনের প্রবক্তা ও জননিরাপত্তা মন্ত্রী র্যামনকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী মেক্সিকো সিটির নিকটবর্তী পর্বতের কাছে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে সে দেশের ফেডারেল পুলিশ প্রধানও ছিলেন।
হেলিকপ্টারের পাইলট জরুরি সাহায্য কামনার পরপরই হেলিকপ্টারটি রাডার স্ক্রীন থেকে অদৃশ্য হয়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটিকে শনাক্ত করণ ও উদ্ধার তৎপরতা প্রাথমিকভাবে ব্যাহত হয়েছে। তবে রাজধানীর পশ্চিমের একটি গ্রামে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নিহত নয় জন সম্পর্কে প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স বলেন, কর্তব্যরত অবস্থায় যারা প্রাণ উৎসর্গ করেছেন, তারা নায়ক।
মন্ত্রী হুয়েরতা মেক্সিকোতে মাদক ব্যবসা সংশ্লিষ্ট সন্ত্রাস দমনে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশটিতে মাদক সংক্রান্ত সন্ত্রাসে চলতি বছর কয়েক শ’ লোকের মৃত্যু হয়েছে।
