২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠক করতে যাচ্ছেন মুসলিম নেতারা

লন্ডনে বোমা হামলার পরিপ্রেক্ষিতে কিভাবে উগ্রবাদ মোকাবিলা করা যাবে সে সম্পর্কে মুসলিম নেতারা ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী চার্লস ক্লার্ককে অবহিত করতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:17 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তরুণ প্রজন্মের ব্রিটিশ মুসলিমদের উগ্রবাদ থেকে দূরে রাখতে সরকারকে পর্যাপ্ত ও প্রয়োজনীয় ধারণা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কমিউনিটি ও ব্যবসায়ী নেতাদের ২৫ টি টাস্কফোর্সের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্র নীতি তরুণ মুসলিমদের উগ্রবাদী হতে বাধ্য করে কি না সে বিষয়টি খতিয়ে দেখতে গবেষণা করা যেতে পারে বলে কোনও কোনও টাস্কফোর্স মন্তব্য করেছে।

অনেকে বোমা হামলার পূর্ণ সরকারি তদন্ত দাবি করেছেন। তাদের যুক্তি হচ্ছে, টাস্কফোর্সগুলো তাড়াহুড়ো করে গঠন করা হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রী ক্লার্ক টাস্কফোর্সের প্রস্তাবগুলো গ্রহণ করবেন কি না সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। ব্রিটিশ সরকার বলেছে, লন্ডনে বোমা হামলার জন্য সন্ত্রাসীরা ইরাককে একটি অজুহাত হিসেবে ব্যবহার করেছে। এটাই লন্ডনে বোমা হামলার কারণ নয়।

ইমাম ও মসজিদের ভূমিকা, তরুণ প্রজন্মের সংশ্লিষ্টতা, নিরাপত্তাসহ বিভিন্ন নীতিগত ইস্যুগুলো খতিয়ে দেখতে সরকার মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

মুসলিম নেতারা সাতটি কার্যকরী কমিটি গঠন করেছে। কমিটির প্রধানরা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রী ক্লার্কের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। টাস্কফোর্সের প্রাপ্ত তথ্য ক্লার্কের কাছে উপস্থাপন করা হবে।

নেতাদের মধ্যে মুসলিম শিক্ষাবিদ তারিক রমজান ও ক্যাট স্টিভেন্স নামে পরিচিত গায়ক ইউসুফ ইসলাম রয়েছেন। কনজারভেটিভ পার্টি টাস্কফোর্স গঠনের ধারণাকে সমর্থন করেছে।

এদিকে সুযোগবঞ্চিত ব্রিটিশ মুসলিম ও অ-খ্রিস্টান তরুণ ব্রিটিশদের সক্রিয়ভাবে ব্রিটিশ সংস্কৃতির সাথে আরও সম্পৃক্ত করতে ক্লার্ক বুধবার একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। দ্য কমিশন অন ইন্টেগ্রেশান অ্যান্ড কোহেশন নামের কমিটি পরবর্তী গ্রীষ্মের মধ্যে প্রস্তাব উত্থাপন করবে।