২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ দলের আকুণ্ঠ সমর্থন পেয়েছেন মার্কেল

পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়া সত্ত্বেও জার্মানির কনজারভেটিভ নেতা অ্যাঞ্জেলা মার্কেল নিজ দল খ্রীষ্টান ডেমোক্র্যাট (সিডিইউ) এর অকুণ্ঠ সমর্থন পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সিডিইউ ও তাদের শরিক দল সিএসইউ ৯৮ শতাংশ ভোট দিয়ে মার্কেলকে তাদের পার্লামেন্ট নেতার পদে পুনর্বহাল রেখেছে।

রোববারের পার্লামেন্ট নির্বাচনে মার্কেলের প্রতিদ্বন্দ্বী চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের এসপিডি সিডিইউ থেকে মাত্র তিনটি আসন কম পায়। সিডিইউ’র ২২৫টি আসনের বিপরীতে এসপিডি ২২২টি আসন লাভ করেছে। এছাড়া ফ্রি ডেমোক্র্যাটস ৬১টি, লেফ্ট পার্টি ৫৪টি এবং গ্রীন পার্টি ৫১টি আসন পেয়েছে।

সরকার গঠনে ছোট দলগুলোর সমর্থন পেতে চলতি মাসের শেষের দিকেই দরাকষাকষি শুরু হবে। একটি শক্তিশালী জোট সরকার গঠন করতে সিডিইউ ও এসপিডি অনিচ্ছুক হওয়ায় ছোট দলগুলোর উপর উভয় রাজনৈতিক দলকে নির্ভর করতে হচ্ছে।

সিডিইউ/সিএসইউ’র ভোটের পর মার্কেল বলেন, ভোটের ফলাফল এটাই প্রমাণ করে যে, নতুন সরকার গঠনে সমঝোতায় নেতৃত্ব দিতে কনজারভেটিভ পার্টির ক্ষমতা রয়েছে।

এদিকে শ্রোয়েডারও বলেছেন, চ্যান্সেলর হিসেবে ক্ষমতায় থাকার তার পক্ষে জন রায় রয়েছে।

মার্কেল মঙ্গলবারের ভোটে পার্টির সমর্থন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে বলে জানা গেছে।

১৮ অক্টোবরের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। ওই দিনই পার্লামেন্ট বসবে এবং নতুন চ্যান্সেলর নির্বাচিত করতে হবে। ১৮ অক্টোবরের মধ্যে সরকার গঠন না হলে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

এসপিডি, গ্রীন পার্টি ও এফডিপি জোট সরকার গঠন করতে পারে বলে গুঞ্জন উঠেছে। যদিও আগে কখনই তারা একত্রে জোট সরকার গঠন করেনি। অবশ্য এফডিপি নেতা গুইডো ওয়েস্টারউইলি জোট সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা রোববার বাতিল করে দিয়েছেন। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে।