ভারতে ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত ৫০
ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
হায়দ্রাবাদে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শশাঙ্ক গোয়েল বুধবার জানান, বন্যার কারণে উপকূলীয় অঞ্চলের সাথে প্রাদেশিক রাজধানীর যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। নিম্নাঞ্চল থেকে ৩৫ হাজারের অধিক গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন স্কুল ভবনে আশ্রয় দেওয়া হয়েছে।
উত্তর ভারতের সাথে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ রক্ষাকারী কমপক্ষে ২৩টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১২টি ট্রেন ভিন্ন পথে ঘুরিয়ে দেয়া হয়েছে।
গোদাবরী এবং কৃষ্ণা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পার্শ্ববর্তী বিশাল এলাকা ভাসিয়ে দিয়েছে। প্রায় ১০ হাজার লোককে উদ্ধারকারী নৌকা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য ত্রাণ সংস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত বন্যাদুর্গত এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ ও উদ্ধার কার্য অব্যাহত রেখেছে।
