২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি পুলিশ বাহিনীতে গেরিলা

ইরাকের ন্যাশনাল সিকিউরিটির উপদেষ্টা মুওয়াফাক আল রুবেই দেশটির নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরে গেরিলাদের অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:18 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তবে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে তার কোন ধারণা নেই।

এদিকে ব্রিটিশ বাহিনী বলেছে, ইরাকি পুলিশ জঙ্গিদের কাছে গ্রেফতারকৃত দুই ব্রিটিশ সৈন্যকে হস্তান্তর করতে পারে এমন কথা শোনার পর জোরপূর্বক তাদের মুক্ত করে। ব্রিটিশ বাহিনীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুওয়াফাক এ কথা বলেন।

ইরাকি পুলিশ বাহিনীতে বিদ্রোহীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে গত জুলাইয়ে পেন্টাগন সতর্ক করে দেয়।

ইরাক সরকার সোমবার ব্রিটিশ সৈন্যদের গ্রেফতারের ব্যাপারে তদন্ত শুরু করেছে। এসএএস বিশেষ বাহিনীর সদস্য মনে করে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় গ্রেফতারকৃত ব্রিটিশ সৈন্যদের মুক্তির জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেও তা অমান্য করা হয়।

ব্রিটিশ বাহিনী আটককৃতদের শিয়া গেরিলাদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।

রুবেই বলেন, ইরাকের নিরাপত্তা বাহিনীতে বিদ্রোহীদের অনুপ্রবেশ ঘটেছে। কিছু সন্ত্রাসীও অনুপ্রবেশ করতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন ইরাকের নিরাপত্তা বাহিনীতে আর কোন বিদ্রোহী বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীতে ইতোমধ্যে কতজন বিদ্রোহীর অনুপ্রবেশ ঘটেছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বললেও ওই দুই ব্যক্তির মুক্তির ব্যাপারে সমঝোতার বদলে শক্তি প্রয়োগের জন্য তিনি ব্রিটিশ সামরিক বাহিনীর সমালোচনা করেন।

তিনি বলেন, তারা তাদেরকে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণভাবে মুক্ত করতে পারত। তবে এ থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। এতে করে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর ঘটবে না।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর কর্তৃক জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরাকের পুলিশ বাহিনীতে বিদ্রোহী ও সাবেক অপরাধীদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বাহিনী ইরাকের নিরাপত্তা বাহিনীতে অনুপ্রবেশকৃত বিদ্রোহীদের খুঁজে বের করার প্রক্রিয়াকে দুর্বল বলে অভিযোগ করে এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বের রেকর্ডের গুণাগুণ খতিয়ে দেখার পরামর্শ দেয়।