মণিপুরে বিদ্রোহীদের গুলিতে ১৪ সেনা সদস্য ও ছয় উপজাতি নিহত
ভারতের অশান্ত মণিপুর রাজ্যে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় জঙ্গি বিদ্রোহীদের সাথে রাতভর বন্দুকযুদ্ধে ১৪ জন সেনা সদস্যসহ কমপক্ষে ২১ জন মারা যায় বলে মঙ্গলবার কর্মকর্তারা জানান।
সোমবার রাতে রাজধানী থেকে ৩৫ কিলোমিটার দূরে নারিয়াং গ্রামের নিকট গোরখা রাইফেলের একটি নিরাপত্তা টহলযানের ওপর ঘাপটি মেরে থাকা সশস্ত্র জঙ্গিরা অর্তকিতে হামলা চালায়। জঙ্গিদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে ঘটনাস্থলেই আট জন মারা যায়। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও ছয় জন মৃত্যুবরণ করে। আহতদের অবস্থা সংকটাপন্ন।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, একে-৫৬ রাইফেল ও কার্বাইন সুসজ্জিত ২০ জন জঙ্গি পাহাড়ের ওপর থেকে আকস্মিক হামলা চালায়। সৈন্যদের পাল্টা জবাব দেওয়ার কোন সুযোগই তারা দেয়নি।
উল্লেখ্য, মণিপুরের তিনটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ স্বাধীন মাতৃভূমির দাবিতে লড়াই চালিয়ে আসছে। গত দুই যুগে কমপক্ষে ১০ হাজার লোক সহিংসতায় নিহত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়ের মধ্যেই এই বিদ্রোহী তৎপরতা বেশী।
ঘন জঙ্গল এলাকায় সামরিক এবং আধাসামরিক বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তাৎক্ষণিকভাবে বিদ্রোহীদের পরিচয় জানা যায়নি কিংবা কোন জঙ্গি গ্রুপ এ হত্যাকান্ডের দায়দায়িত্ব স্বীকার করেনি।
অপর এক ঘটনায় মণিপুরের সাথে আসামের সীমান্ত এলাকায় ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ) বিদ্রোহীরা এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করে।
তৃতীয় ঘটনায় চোরাচাঁদপুর জেলায় দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে ছয় জন উপজাতীয় জঙ্গি নিহত হয়।
