সাদ্দামের ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
গেরিলা তৎপরতায় অর্থ সহযোগিতা প্রদানের অভিযোগের প্রেক্ষিতে ইরাকের একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের এক সৎ ভাইয়ের ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ইরাকি কর্মকর্তারা মঙ্গলবার এ খবর জানিয়েছেন।
তারা জানান, সাদ্দামের সৎ ভাইয়ের ছেলে আইমান সাবওয়ি’র বিরুদ্ধে বাগদাদের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় ঘোষণা করে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ১ নভেম্বর আইমানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মত বিচার প্রক্রিয়া শুরু হবে।
সাদ্দামের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার একমাস আগে এ রায় দেওয়া হল। এই প্রথমবারের মত সাদ্দাম পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন হল এবং রায় ঘোষণা করা হল।
বিবৃতিতে বলা হয়, বিদ্রোহীদের সহযোগী হওয়ায় এবং বিস্ফোরক রাখা ও বিস্ফোরক তৈরিতে অর্থ যোগান দেওয়ার অভিযোগে ইরাকের অপরাধ আদালত সন্ত্রাসী আইমান সাবওয়িকে দোষী সাব্যস্ত করেছে।
