২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যু নিরাপত্তা পরিষদে পাঠাতে আইএইএ’র প্রতি আহ্বান

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ইরান ইস্যু নিয়ে আইএইএ সোমবার যখন ভিয়েনায় আলোচনায় বসেছে, তখন ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি নিরাপত্তা পরিষদে ইস্যুটি প্রেরণের আহ্বান সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব বিলি করেছে। এ সপ্তাহে প্রস্তাবের ওপর ভোটগ্রহণ হতে পারে।

তবে আইএইএ’র অনেক সদস্য দেশ ইরান ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেরণের বিরোধিতা করেছে। আর আইএইএ’র বোর্ড অব গভর্নররা ইস্যুটি নিরাপত্তা পরিষদে প্রেরণ করবে কিনা সেটা পরিষ্কার নয়।

গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ নাকচ করে দিয়ে তেহরান বলেছে, পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার তাদের বৈধ অধিকার।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সোমবার খসড়া ৩৫ গভর্নর অব বোর্ডের মধ্যে বিতরণ করেন। গত আগস্টে ইরান তার স্থগিতকৃত পারমাণবিক কর্মসূচি সচল করার পর থেকে ইরান ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করতে তারা সদস্য দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে।

তবে রাশিয়া, চীন, ব্রাজিল ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলো ইরান ইস্যু নিরাপত্তা পরিষদে পাঠানোর বিরোধিতা করেছে।

মার্কিন প্রতিনিধি গ্রেগ স্কালটি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখে ইরান ক্রমশ বিরোধিতার দিকে অগ্রসর হচ্ছে। নিরাপত্তা পরিষদে বিষয়টি কখন পাঠানো হতে পারে সে ব্যাপারে কিছু উল্লেখ না করে স্কালটি বলেন, আমাদের উদ্দেশ্য একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো।

তিনি বলেন, তবে এর জন্য ইরানকে তাদের গতিধারা পরিবর্তন করতে হবে এবং রূপান্তরকরণ প্রক্রিয়া বন্ধ ও আলোচনার টেবিল ফিরে যেতে আইএইএ’কে পূর্ণ সহযোগিতা করতে হবে।

ইতোপূর্বে আইএইএ প্রধান মোহামেদ আলবারাদে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বিরোধের মুখোমুখি হচ্ছে। আর তাই আলোচনার টেবিলে ফিরে যেতে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আহবান জানান।