অর্থ পাচার মামলায় সুইস আদালতে বেনজির
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সোমবার অর্থ পাচারের অভিযোগের বিচারে সুইজারল্যান্ডের একটি আদালতে উপস্থিত হয়ে বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।
বেনজির ভুট্টো সাংবাদিকদের বলেন, তিনি পাকিস্তানের বংশগত রাজনৈতিক কোন্দলের শিকার।
এর আগে ভুট্টো শারীরিক অসুস্থতার কথা বলে আদালতে হাজির হওয়া থেকে বিরত থাকেন।
অভিযোগ থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করে ভুট্টো বলেন, এটা আমাকে পীড়া দেয় যে, তারা পাকিস্তানে বসে রাজনৈতিক পয়েন্ট লাভের জন্য এখানকার বিচারবিভাগীয় কর্তৃপক্ষকে ব্যাবহার করছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুট্টো এবং তার স্বামী আসিফ আলি জারদারি ১৯৯০ সালে দুটি সুইস কোম্পানিকে পাকিস্তানে ব্যাবসা করার সুযোগ দানের বিনিময়ে কমিশন নিয়েছিলেন।
রাজনৈতিকভাবে অভিযুক্ত এই মামলাটি আট বছর আগে শুরু হয় এবং আদালত মামলার সাথে জড়িত কোম্পানিগুলোর ১৩ মিলিয়ন ডলার সুইস ব্যাংক অ্যাকাউন্ট অবরোধ করে।
