নিজ দলের সমর্থন চেয়েছেন মার্কেল
জার্মানির পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধী দলের নেতা মার্কেল নিজ দলের সমর্থন চেয়েছেন।
পার্লামেন্টারি পার্টি খ্রীষ্টান ডেমোক্র্যাট (সিডিইউ)-এর নেতা হিসেবে আবারও থাকার চেষ্টা করছেন।
রোববারের নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জার্মানির রাজনৈতিক স্থিতিশীলতা সংকটের মুখে পড়েছে।
মার্কেল এবং প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসপিডি) প্রধান ও চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার দেশ পরিচালনায় নিজেদের অধিকারের কথা ব্যক্ত করেছেন।
রোববারের নির্বাচনে মার্কেলের দল শ্রোয়েডারের দলের চেয়ে মাত্র তিনটি আসন বেশি পেয়েছে। সিডিইউ ও এসপিডি যথাক্রমে ২২৫ ও ২২২টি আসন পেয়েছে। এছাড়া ফ্রি ডেমোক্র্যাট ৬১টি, বামপন্থীরা ৫৪টি এবং গ্রীন পার্টি ৫১টি আসন পেয়েছে।
এদিকে এসপিডি যে এখন আর শক্তিশালী একটি দল নয়-এই বাস্তবতা মেনে নিতে মার্কেল শ্রোয়েডারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সরকার গঠনে অপরাপর দলগুলোর সমর্থন লাভের জন্য সিডিইউ ও এসপিডি কয়েকদিনের মধ্যেই আলোচনায় বসবে।
১৮ অক্টোবরের মধ্যে সরকার গঠনের বাধ্যবাধকতা রয়েছে। ওই দিনই পার্লামেন্ট বসবে এবং পার্লামেন্টে একজন চ্যান্সেলর নির্বাচিত করতে হবে। এই সময়ের মধ্যে সরকার গঠন না হলে নতুন করে নির্বাচনের আয়োজন করতে হবে।
