অস্ত্র চুক্তির ব্যাপারে উত্তর কোরিয়ার শর্ত আরোপ
পারমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ ঘোষণার একদিন পর উত্তর কোরিয়া এবার শর্ত আরোপ করেছে। তারা বলেছে, বেসামরিক কাজে ব্যবহারের জন্য একটি পারমাণবিক চুল্লি না পাওয়া পর্যন্ত পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করা হবে না।
দেশটির পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ছয় জাতির বেইজিং আলোচনার নাটকীয় পরিবর্তনের একদিন পরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
এর আগে উত্তর কোরিয়া পাতলা-পানির পারমাণবিক চুল্লির (লাইট ওয়াটার রিঅ্যাক্টর) ব্যপারে যে দাবি জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল। তবে সোমবার ওয়াশিংটন জানায়, উত্তর কোরিয়ার দাবির বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।
মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার বেতারে প্রচারিত এক বিবৃতিতে দেশটির পারমাণবিক তৎপরতা চালানোর বৈধ অধিকারের কথাও বলা হয়।
উত্তর কোরিয়া সোমবার তার সকল পারমাণবিক অস্ত্র ও চলতি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ এবং যতদ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ (এনপিটি) চুক্তিতে স্বাক্ষরের প্রতিশ্রুতি দেয়।
দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দুই কোরিয়াকে নিয়ে গঠিত ছয় জাতির তিন বছরের চেষ্টার ফলে তারা ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হল।
এদিকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ সংক্রান্ত উত্তর কোরিয়ার ঘোষণার পরপরই পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রকল্পে জাতিসংঘ তাৎক্ষণিক প্রবেশাধিকার চেয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) প্রধান মোহামেদ আলবারাদে বলেন, যত দ্রুত আমরা আমাদের কাজ শুরু করতে পারব, ততই ভাল হবে।
২০০৩ সালে উত্তর কোরিয়া তার দেশ থেকে জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের বহিষ্কার করা ও পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকেই দেশটিতে আইএইএ’র কোন তদারকি নেই।
বেইজিংয়ের চতুর্থ রাউন্ডের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ইয়ংবিয়নের পারমাণবিক প্রকল্প দ্রুত বন্ধ করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
নভেম্বরে ছয় জাতির সদস্য দেশগুলো আবারও বৈঠকে মিলিত হবে।
