বসরা কারাগার থেকে ২ ব্রিটিশ কর্মকর্তাকে উদ্ধার করতে ব্রিটিশ বাহিনীর তাণ্ডব
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা থেকে ইরাকি পুলিশ দু’ ব্রিটিশ কর্মকর্তাকে আটক করলে তাদেরকে উদ্ধারে ব্রিটিশ বাহিনী শহরটিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
এসময় দুজন বেসামরিক লোক নিহত ও তিন ব্রিটিশ সেনা আহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওই দু’জনকে উদ্ধার করতে ব্রিটিশ বাহিনী ছয়টি ট্যাংক ব্যবহার করে।
এদিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সমঝোতার ভিত্তিতেই তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
বসরার গর্ভনর মোহাম্মদ আল-ওয়ালি ব্রিটিশ বাহিনীর এ হামলাকে ‘বর্বরোচিত আগ্রাসন’ বলে উল্লেখ করেছেন।
ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জোর দিয়ে বলেন, তারা কর্তৃপক্ষের সঙ্গে গ্রেফতারকৃত ব্যক্তিদের মুক্তির ব্যাপারটি নিশ্চিত করতে আলোচনায় বসলেও ব্রিটিশ বাহিনী কারাগারের দেয়াল ট্যাংক দিয়ে গুঁড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় প্রায় ১৫০ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে ইরাকি কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন।
ওই দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের পর দুটি ব্রিটিশ ট্যাংক পুলিশ স্টেশনে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
উত্তেজিত জনতা পেট্রোল বোমা এবং পাথর নিক্ষেপ করলে তিন ব্রিটিশ সেনা আহত হয়।
ব্রিটিশ বাহিনী বসরা থেকে শিয়া মাহদি আর্মির একজন শীর্ষ নেতাকে গ্রেফতার করলে শহরে অস্থিরতা শুরু হয়।
কিন্তু ইরাকে ব্রিটিশ বাহিনীর সাবেক কমান্ডার কর্ণেল টিম কলিন্স বসরার আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি অস্বীকার করে বলেন, বাগদাদের চেয়ে বসরা এখনও নিরাপদ শহর।
এদিকে ইরাকে শিয়াদের ধর্মীয় উৎসব চলাকালীন সময়ে বাগদাদ ও কারবালায় আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত হয়।
অন্যদিকে ইরাকি সরকার বলছে, ইরাকে গোরিলা তৎপরতায় অর্থ যোগান দেওয়ার অভিযোগে সাদ্দাম হোসেনের ভাগ্নে আইমান সাবওয়িকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
