আফগান নির্বাচনে ভোট গণনা শুরু
৩০ বছর পর অনুষ্ঠিত হওয়া আফগানিস্তানের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।
প্রত্যন্ত অঞ্চল ও ছোট ছোট বেশ কিছু শহরে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।
ভোট গ্রহণের দিন বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলায় একজন ফরাসি সেনাসহ ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এসব হামলা নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি।
সহিংসতার আশঙ্কায় হাজার হাজার আফগান ও বিদেশি সেনারা সতর্ক অবস্থান গ্রহণ করে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার সকালে ভোট দিতে এসে বলেন, ফলাফল যাই হোক না কেন, দিনটি আফগানিস্তানের জন্য একটি শুভ দিন।
তিনি বলেন, আফগান জনগণ আরও একবার প্রমাণ করছে যে, তারা আগামীর জন্য কাজ করতে পারে।
দেশ জুড়ে ৫৮ হাজার প্রার্থী এ নির্বাচনে অংশ নেয়।
গত ২০০১ সালে তালেবান উচ্ছেদের পর এ নির্বাচনটি দেশটিতে গণতন্ত্রায়নের একটি অংশ বলে বিশ্লেষকদের ধারণা।
আগামী অক্টোবরে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।
রোববার নির্বাচনকে বানচাল করতে বেশিরভাগ হামলাই দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে হয়েছে। সাবেক তালেবান সমর্থকরাই এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে নির্বাচন ব্যাবস্থাপনা এবং ফলাফল ঘোষণা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।
গত ছয় মাসে সাত জন নির্বাচনী প্রার্থীসহ প্রায় একহাজার লোক জঙ্গি হামলায় নিহত হয়েছে।
আফগান কর্মকর্তারা বলছেন, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনটি ছিল জঙ্গিদের বিরুদ্ধে একটি বড় বিজয়।
