জার্মানির সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মার্কেল সামান্য এগিয়ে
অ্যাঞ্জেলা মার্কেলের খ্রীষ্টান ডেমোক্র্যাট সাধারণ নির্বাচনে মাত্র তিনটি আসন বেশি পেয়ে জয় লাভ করেছে। তবে সরকার গঠন করতে প্রয়োজনীয় আসন পায়নি।
খ্রীষ্টান ডেমোক্যাট (সিডিইউ) ৩৫ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে ২২৫টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বর্তমান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) ৩৪ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছে।
তবে শ্রোয়েডার পরাজয় স্বীকার না করে বলেন, তিনি আবারও চ্যান্সেলর হিসেবে থাকছেন।
তিনি বলেন, তিনি শক্তিশালী আরও দুটি দলের সমর্থন নিয়ে জোট সরকার গঠন করবেন। তবে তিনি যদি ওই জোটের নেতা হন শুধুমাত্র তাইলেই তিনি সরকার গঠন করবেন।
সরকার গঠনের জন্য কোনও দল একক সংখ্যাগরিষ্টতা না পাওয়ায় দেশটির এই রাজনৈতিক অনিশ্চিয়তা কাটতে কয়েক দিন বা সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
এর আগে নির্বাচন পূর্ব এক জরিপ থেকে ধারণা করা হয়েছিল মার্কেল স্পষ্ট বিজয় পেতে যাচ্ছেন।
তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি সরাসরি বিজয়ী হয়ে দেশের প্রথম মহিলা চ্যান্সেলর হতে যাচ্ছেন।
সিডিইউ-এর জোট সঙ্গী ফ্রি ডেমোক্র্যাটসরা ৬১ আসনে জয়লাভ করেছে। কিন্তু সেগুলি দিয়েও সংখ্যাগরিষ্টতা প্রমাণের জন্য তা যথেষ্ঠ নয়।
সাবেক কমিউনিস্টরা পেয়েছে ৫৪ আসন এবং শ্রোয়েডারের জোট সঙ্গীরা পেয়েছে ৫১ আসন। একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি। ২ অক্টোবর ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনী ফলাফল জানার পরও শ্রোয়েডার পরাজয় স্বীকার করেননি। বরং তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, নির্বাচনের এই ফলাফল দেখিয়েছে গেরহার্ড শ্রোয়েডারই চ্যান্সেলর থাকবে।
এবারের নির্বাচনে অর্থনীতিই ছিল মূল ইস্যু। শ্রোয়েডার শ্রম ও উন্নয়নের কথা বলেছিলেন। অন্যদিকে মার্কেল কর ও শ্রম সংস্কারের কথা বলেই নির্বাচনী মাঠে নেমেছিলেন।
