২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচন শুরু

আফগানিস্তানের ৩০ বছর পর এই প্রথম ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:20 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে দেশটির প্রায় ২৬ হাজার ভোট কেন্দ্রে রোববার একযোগে ভোট গ্রহণ চলছে।

নির্বাচন উপলক্ষে রাজধানী কাবুলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের যান চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আফগান নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি চ্যালেঞ্জিং নির্বাচন।

দেশটির প্রায় এক কোটি বিশ লাখ লোক এবারের নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। দেশব্যাপী তারা প্রায় ছয় হাজার স্থানীয় প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে প্রায় এক লাখ ৬০ হাজার নির্বাচন কর্মকর্তা কর্মরত রয়েছেন।

নির্বাচন উপলক্ষ্যে এর আগেই দেশটির সকল স্থানে গাধা, ঘোড়া কিংবা উটে করে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে নির্বাচনের আগেরদিন শনিবার দেশটির নিরাপত্তাকর্মীরা সাউদার্ন হেলম্যান্ড প্রদেশ থেকে ২০ জন তালেবানকে গ্রেফতার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, অপহৃত তালেবানরা বড় ধরণের কোন ধ্বংস যজ্ঞ চালানোর চিন্তা করছিলো। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তালেবানরা একটি বাঁধে বোমা পাতার চক্রান্ত করছিলো।

তবে তালেবানরা বলেছে, নির্বাচনের কোন পোলিং স্টেশনে হামলার পরিকল্পনা তাদের নেই। কারণ তাহলে শুধুই বেসামরিক নাগরিক নিহত হবে। এর আগে বৃহষ্পতিবার রাতে তালেবানরা একজন নির্বচনী কর্মকর্তাকে হত্যা করে। গত ছয় মাসে তালেবানদের হাতে প্রায় এক হাজার লোক এবং সাতজন নির্বাচনী প্রার্থী নিহত হয়েছেন।