যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা দখলের পরিকল্পনা করছে: শ্যাভেজ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশ দখলের পরিকল্পনা করছে। এ ব্যাপারে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।
শনিবার মার্কিন টেলিভিশনের নাইটলাইন অনুষ্ঠানের এক সাক্ষাতকারে বলেন, এই দখল পরিকল্পনার নাম ‘বালবো’। তবে বলবোর পাল্টা জবাবের হুশিয়ারি দিয়ে শ্যাভেজ বলেন, যদি মার্কিন সরকার এরকম বোকামি করে তবে তারাও একশ’ বছর ধরে লড়াই করতে প্রস্তুত।
সম্প্রতি মার্কিন সৈন্যরা ভেনিজুয়েলার উত্তর পূর্ব উপকূলের কিউরাকো দ্বীপে বিশ্রাম এবং বিনোদনের জন্য যায় বলে মার্কিন কর্মকর্তাদের মিথ্যাচারের প্রতিবাদ করে শ্যাভেজ বলেন, তারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিল এবং কৌশল উদ্ভাবন করছিল।
শুক্রবার ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের নিন্দা করে শ্যাভেজ জাতিসংঘের সদর দফতর যুক্তরাষ্ট্র থেকে অন্যত্র সরিয়ে আনতে অন্যান্য নেতাদের প্রতি আহবান জানান।
যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা দখল পরিকল্পনার ব্যাপারে শ্যাভেজ বলেন সামরিক গোয়েন্দা সূত্রে তিনি এই তথ্য জেনেছেন।
