ইরানের ব্যাপারে বুশ ও পুতিনের দৃঢ় অবস্থান
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনে এক বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
তারা উভয়েই দেশটির পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।
প্রেসিডেন্ট বুশ বলেছেন, চুক্তি অনুযায়ী না চললে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবরোধ আরোপের সুপারিশ করা হবে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বুশের সাথে আলাপকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের পারমানবিক শক্তির অধিকারী হওয়া উচিত নয়।
অন্যদিকে এ সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কে জাতিসংঘ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অগে ইরানি প্রেসিডেন্ট আহমেদিনেজাদ ব্রিটিশ, ফরাসি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেন, ইরানের পরমাণু ইস্যুটিকে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠাতে চান না।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন(আইএইএ) কর্মকর্তারা সোমবার ভিয়েনায় সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। ইরানের বিষয়টি নিরাপত্তা পরিষদের উপর ন্যাস্ত করার সিদ্ধান্তটি তখন গৃহীত হতে পারে।
তেহরানের সাথে আলোচনারত ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই বিষয়টি জাতিসংঘে পাঠানোর অভাস দিয়েছে। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন রাশিয়া আরও কূটনৈতিক তৎপরতার আহবান জানিয়েছে।
বুশ বলেন, আমি নিশ্চিত যে, চুক্তি অনুযায়ী না চললে ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলে যাবে। তিনি বলেন ইরানের পারমাণবিক ইস্যুটি নিরাপত্তা পরিষদে পাঠানো হবে একটি কূটনৈতিক ব্যাপার যা তারা আলোচনা করেছেন। বিষয়টি কিভাবে কূটনৈতিকভাবে সমাধান করা যায় তা নিয়েও তারা আলোচনা করেছেন বলে তিনি উল্লেখ করেন।
পুতিন বলেছেন, উত্তর কোরিয়া এবং ইরান উভয় দেশের পারমাণবিক উচ্চাশা নিয়ে রাশিয়া দেনদরবার করবে। এইসব প্রশ্নের কূটনৈতিক সমাধানের উপায় এখনো ফুরিয়ে যায়নি বলে তিনি জানান। তিনি বলেন, এসব সমস্যা ও ইস্যুগুলোকে আরো খারাপ করে না তুলে আমরা এর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক ও কল্যানকর কাজে ব্যাবহৃত হবে বলে যুক্তি দেখাচ্ছে।
