২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী প্রস্তাব অনুমোদন করেছেন বিশ্ব নেতৃবৃন্দ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনের জাতির উচ্চপর্যায়ের বৈঠকে বৃহৎ শক্তিধর দেশগুলোর নেতৃবৃন্দ সন্ত্রাস বিরোধী প্রস্তাব গ্রহণ ও আইন পাসের জন্য নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্যরা সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবের পক্ষে ভোট দেন।

বুশ বলেন, “আমরা প্রথম থেকেই সন্ত্রাস বন্ধের জন্য দৃঢ়ভাবে দাবী জানিয়ে আসছি। সন্ত্রাস দমনের জন্য যে কোন ধরনের পরিকল্পনা বা সহায়তা প্রদানের জন্য আমরা সর্বতোভাবে এগিয়ে আসব।”

একবিংশ শতাব্দীতে বিশ্বের বহুমুখী হুমকির চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রায় ১৫০টি দেশের বিশ্ব নেতারা নিউইর্য়কে জাতিসংঘের সদর দফতরে ভাষণ দিচ্ছেন।

লন্ডনে গত জুলাইয়ে বোমা হামলায় ৫২ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে ব্লেয়ার সন্ত্রাস দমনে বিশ্ব উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেন। প্রস্তাবনায় সন্ত্রাস দমনে প্রয়োজনীয় আইন পাস করতে গিয়ে মানবাধিকার রক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা যাতে ক্ষুন্ন না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। বিশেষ কোন ধর্ম বা সংস্কৃতির জনগণ যাতে সন্ত্রাসের লক্ষ্যবস্তুতে পরিণত না হয় সেদিকে সরকারগুলোকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।

নিরাপত্তা পরিষদে পালাক্রমে প্রেসিডেন্টের দায়িত্বপ্রাপ্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল অ্যারোয় বৈঠকে সভাপতিত্ব করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী নবোতাকা ম্যাচিমোরা ছাড়াও এই সেশনে আলজেরিয়া, আর্জেন্টিনা, বেনিন, ব্রাজিল, ডেনমার্ক, গ্রীস, রোমানিয়া এবং তাঞ্জানিয়ার সরকার বা রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন।