জাতিসংঘের সংস্কারে সাহসী ভূমিকা রাখতে সদস্যদের প্রতি কফি আনানের আহ্বান
জাতিসংঘ সংস্কার ও দারিদ্র্য নিরসনে বলিষ্ঠ পদক্ষেপ নিতে জাতিসংঘ মহাসচিব কফি আনান বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে কফি আনান বলেন, জাতিসংঘ সংস্কারের প্যাকেজটি খুবই আকর্ষণীয় ছিল। তবে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পার্থক্যগত কারণে প্রগতি বাধাগ্রস্ত হয়েছে।
আধুনিক চ্যালেঞ্জ মোকবেলার লক্ষ্যে জাতিসংঘের অর্থপূর্ণ ও কার্যকরী সংস্কার গ্রহণ করতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী দারিদ্র্য নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।
জাতিসংঘের ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সদস্য রাষ্ট্রসমূহের ১৫০ জন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও রাজা-বাদশাহরা তিনদিনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
সন্ত্রাসবাদ ও অন্যান্য রক্তক্ষয়ী সহিংসতা বিশেষ করে আফ্রিকার সহিংসতা রোধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করেছে।
জাতিসংঘ মহাসচিব আনান বলেন, দারিদ্র্য, রোগ ও বৈষম্য দূরীকরণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিশ্রুতির ওপর লক্ষ লক্ষ লোকের জীবন ও কোটি কোটি লোকের আশা নির্ভর করে।
আনান বলেন, জাতিসংঘের জন্য প্রয়োজনীয় সংস্কার সাধন করতে সদস্য রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে। আমার মত অনেকেই যা বিশ্বাস করে, সেই মৌলিক সংস্কার জাতিসংঘে আনা হয়নি।
তাঁর ভাষায়, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ চুক্তি কার্যকর করতে বিশ্ব অভিভাবক সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে।
নিরাপত্তা পরিষদের সংস্কারের ব্যাপারে সদস্য দেশসমূহের মধ্যে অনৈক্যের কারণে তিনি মর্মাহত বলে জানান।
