২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সীমা বেধে দেওয়া হবে না

ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সীমা বেধে দেওয়া হবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ওয়াশিংটনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সময়সীমা বেধে দিলে সন্ত্রাসী কার্যক্রম আরও বাড়তে পারে।

তবে তিনি ২০০৬ সালের শেষ নাগাদ মার্কিন বাহিনীর কাছ থেকে ইরাকি বাহিনী কিছু কিছু দায়িত্ব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বছর ৫০ হাজার মার্কিন সৈন্য ইরাক ছেড়ে যেতে পারে-এমন ধারণা দিলেও পরে তার পক্ষ থেকে ওই সংবাদপত্রে টেলিফোনের মাধ্যমে জানানো হয়, তিনি কোন নির্দিষ্ট তারিখ নির্ধারণের কথা বোঝাতে চান নি।

সাংবাদিক সম্মেলনে তালাবানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে তিনি কিছু করতে চান না।

তিনি বলেন, সৈন্য প্রত্যাহারের ব্যাপারে তারা কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।

২০০৬ সালের শেষ নাগাদ ইরাকি নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি মোতাবেক মার্কিন বাহিনীর কাছ থেকে কিছু কিছু দায়িত্ব গ্রহণ করবে।

প্রেসিডেন্ট বুশ বলেন, যুক্তরাষ্ট্র ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

বুশ বলেন, যেহেতু ইরাক গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমেরিকা ইরাকের জনগণের পাশে থাকবে।

এ সময় মার্কিন বাহিনী আক্রমনাত্মক ভূমিকা পালন করলেও ইরাকের সার্বিক অবস্থার উন্নতি হলে আমেরিকা সরে দাঁড়াবে।

বর্তমানে ইরাকে প্রায় এক লাখ ৪০ হাজার মার্কিন সেনা রয়েছে।

এদিকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি সেখানকার জনগণের সমর্থন হারালেও প্রেসিডেন্ট বুশ সৈন্য প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানান। তিনি বারবার ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রত্যয় ব্যক্ত করেন।

ইতোমধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে। এছাড়াও এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাজাফে ইরাকি বাহিনীর হাতে সামরিক নিয়ন্ত্রণের দায়িত্ব অপর্ণ করে।