২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের পথে আহমেদিনেজাদ

ইরানের নবনির্বাচিত ডানপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মত বিদেশ সফরে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন।

তেহরানের পারমাণবিক উচ্চাশার কারণে সৃষ্ট আন্তর্জাতিক সংকট নিরসনে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।

ইরান তার স্থগিতকৃত পারমাণবিক কর্মসূচি সচল করায় পশ্চিমা বিশ্ব তেহরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চায়।

এদিকে জোটমুক্ত দেশগুলোর সমর্থন লাভ করতে ইরান ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

নিউইয়র্কের উদ্দেশ্যে মঙ্গলবার যাত্রা শুরুর আগে আহমেদিনেজাদকে তেহরান বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিমানে আরোহন করার আগে তিনি পবিত্র কোরআন শরীফে চুম্বন করেন।

প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে কোন পারমাণবিক বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কূটনৈতিককে যুক্ত না করার কারণে ইরানের দু’টি সংবাদপত্র প্রেসিডেন্টের সমালোচনা করেছে।

বিমান বন্দরে আহমেদিনেজাদ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সংকট উত্তরণে তিনি কিছু প্রস্তাব উত্থাপন করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ইরানের বিপক্ষে যাবে বলে তিনি মনে করেন না।