গাজার বিশৃঙ্খলা অবসানে আব্বাসের প্রতিশ্রুতি
গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের অব্যবহিত পরেই গাজা উপত্যকায় যে সশস্ত্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তার অবসানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আব্বাস বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়।
গাজা উপত্যকার ইহুদিদের পরিত্যক্ত বসতিতে লুটপাটের ঘটনা ও সশস্ত্র ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতের প্রেক্ষিতে আব্বাস এ কথা বলেন।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন বলেছেন, গাজা উপত্যকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় তিনি আশ্চর্য হননি।
গাজা উপত্যকা থেকে সোমবার ইসরাইলি সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মত শ্যারন এ মন্তব্য করলেন।
শ্যারন বলেন, ফিলিস্তিনি নেতৃত্ব জানে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর প্রয়োজন। তবে পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য তিনি অপেক্ষা করবেন বলে শ্যারন জানিয়েছেন।
পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত রয়েছে। হেবরন শহরের বাইরে ইসরাইলি সেনারা গুলি করে ১৯ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি হাসপাতাল সূত্রে জানা গেছে।
আব্বাস বলেছেন, ইসরাইলের প্রত্যাহার শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকবে না।
তিনি বলেন, আজ গাজা, আগামীকাল পশ্চিম তীর ও জেরুজালেম থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার হবে।
গাজার সাবেক ইসরাইলি বসতিতে লুটপাটের কারণে মঙ্গলবার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যায়। লোকজন ভবন তৈরির উপাদান ও যন্ত্রপাতি লুটপাট করতে থাকে। অনেক ক্ষেত্রে তাদের লুটপাট থেকে বিরত রাখতে পুলিশ ব্যর্থ হয়েছে।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আহমেদ কোরেই লুটপাট বন্ধ ও পরিত্যক্ত বসতি পুনঃনির্মানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সাবেক ইহুদি বসতি গাস কাটিফ পরিদর্শণের সময় কোরেই এ আহ্বান জানান।
কোরেই বলেন, পিলার, প্লাস্টিকের টিউব অথবা কাঠের খন্ড লুটপাট করে তোমাদের কোন লাভ হবে না।
সোমবার ইসরাইলি সেনা প্রত্যাহারের পর উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা গাজা উপত্যকার নিয়ন্ত্রণভার নিজেদের হাতে নেয়। ৩৮ বছরেরও বেশি সময় পর তারা গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে পেল।
দখলকৃত ফিলিস্তিনি এলাকা থেকে ৩,০০০ ইসরাইলি সেনা সোমবার তাদের অবস্থান ত্যাগ করে। তবে সাময়িকভাবে হলেও আকাশপথ, নৌ পথ এবং গাজার সকল সীমান্ত ইসরাইল নিজেদের নিয়ন্ত্রণে রাখবে।
