সন্ত্রাসবাদ মোকাবেলার পদ্ধতি পুনর্বিবেচনা করতে কারজাইয়ের আহ্বান
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের গৃহীত পদক্ষেপগুলোর পুনঃবিবেচনা করা।
আফগানিস্তানে অব্যাহত সহিংসতায় গত এক বছরে কমপক্ষে ১০০০ জন নিহত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব সহিংসতার জন্য তালেবান গেরিলাদের দায়ী করা হচ্ছে।
কারজাই বলেন, উগ্রবাদীরা কোথা থেকে প্রশিক্ষণ ও উৎসাহ পেয়ে থাকে তার এবং এসব সন্ত্রাসবাদী তৎপরতার উৎসের উপর দৃষ্টি দিতে হবে।
আফগানদের ধারণা প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে জঙ্গিরা এসব হামলা পরিচালনা করে থাকে।
বিবিসির সাথে এক সাক্ষাৎকারে কারজাই বলেন, সম্প্রতি সহিংসতা বৃৃদ্ধি পেলেও তালেবানদের পতনের পর থেকে মার্কিন সামরিক বাহিনীর গৃহীত পদক্ষেপ ব্যর্থ হয়নি।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সন্ত্রাসবাদকে পরাজিত করতে আমরা যে পদক্ষেপ হাতে নিয়েছি তা সঠিক ছিল কিনা তা যাচাই করতে আমাদের, আন্তর্জাতিক সম্প্রদায় ও জোট শক্তিকে এক সাথে বসে পুনঃবিবেচনা করতে হবে।
কারজাই বলেন, আমি বিশ্বাস করি, আমাদেরকে সন্ত্রাসবাদের উৎসকে ধরতে হবে। সন্ত্রাসীরা কোথায় প্রশিক্ষণ নেয় এবং কোথা থেকে উৎসাহিত হয় তা আমাদের জানতে হবে।
তবে সন্ত্রাসবাদের উৎস পাকিস্তান কিনা সে সম্পর্কে কোন মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। চলতি সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে অনেক যুদ্ধবাজ নেতা নির্বাচন করার অনুমতি পেয়েছেন বলে কাবুল সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, কারজাই তা অস্বীকার করেছেন।
আফগানিস্তানের পুনর্গঠন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কারজাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও বেশি অর্থ সহযোগিতার দাবি জানান।
কারজাই ২০০১ সাল থেকে দেশটির শীর্ষ পদে আসীন রয়েছেন। ২০০৪ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ ২০০৯ সালে শেষ হবে।
২০০৯ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবারও প্রেসিডেন্ট পদে থাকবেন কি না এ প্রশ্নের জবাবে কারজাই বলেন, এখনও তিনি এমনটি ভাবছেন না।
