২০০২ সালে টনি ব্লেয়ারকে হত্যার চক্রান্ত হয়েছিল : সাবেক পুলিশ প্রধান
আল-কায়দার সাথে ঘনিষ্ঠ একটি সন্ত্রাসী গ্রুপ ২০০২ সালে একটি প্যারেড অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে হত্যার চক্রান্ত করেছিলো।
ব্রিটেনের একজন সাবেক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সানডে পত্রিকা একথা জানায়।
সাবেক ওই পুলিশ কর্মকর্তার নাম জন স্টিভেন্স। তিনি লন্ডন মেট্টোপলিটান প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর এ বছরের প্রথম দিকে অবসর নেন। তিনিই টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ারকে ষড়যন্ত্রের কথা জানিয়েছিলেন।
স্টিভেন্স বলেন, ২০০২ সালের রানী দ্বিতীয় এলিজাবেথের একটি অনুষ্ঠানে তাকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার ষড়যন্ত্র করা হয়। এ খবর শোনার পর তিনি ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করে দেন এবং সম্ভাব্য বিপদের কথা জানান।
জন স্টিভেন্স আরও বলেন, রাণী দ্বিতীয় এলিজাবেথের অনুষ্ঠানে আমার কাছে ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে সমষ্টিগত নিরাপত্তাই প্রধান ছিলো। আর এ কারণেই দুঃশ্চিন্তা থাকা সত্ত্বেও গোটা অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিলো।
টনি দম্পতি অবশ্য এরপরেও বুলেট প্রুফ পোশাক পরিধান করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তিনি আরো বলেন, ওই অনুষ্ঠান নিয়ে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম।
