২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪০ হাজার কর্মী আহ্বান করেছে মার্কিন রেডক্রস

সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার নজিরবিহীন প্রভাব এবং পরিসর মোকাবেলায় জন্য অতিরিক্ত ৪০ হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন বলে রেডক্রস ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:42 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

রেডক্রসের একজন মুখপাত্র জানান, খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের ব্যাবস্থা করার জন্য তাদের আরও কর্মী প্রয়োজন।

ত্রাণ সহায়তা বৃদ্ধি করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী বন্যার পানি ৮০ দিনের স্থলে ৪০ দিনে অপসারণ সম্ভব বলে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় পরবর্তী পদক্ষেপ গ্রহণে সরকারের ধীর নীতির ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ১১ সেপ্টেম্বরের মত সাহায্যের আবেদন জানিয়েছেন।

ক্যাটরিনা আঘাত হানার দু’ সপ্তাহের মধ্যে রোববার প্রেসিডেন্ট বুশের তৃতীয়বারের মত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে যাওয়ার কথা রয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, ত্রাণ তৎপরতা বাড়লেও আরও অনেক কিছুই করার রয়েছে।

ধারাবাহিকতায় রেডক্রস তার ১২৫ বছরের ইতিহাসে সবচে বেশি কর্মী নিয়োগ দানের ঘোষণা দিয়েছে।

রেডক্রসের মুখপাত্র জন ডিগনান বলেন, এই ক্ষতি কয়েক সপ্তাহ বা মাসে পুষিয়ে নেওয়া যাবে না। এর জন্য প্রচুর সময় ও লোকবল প্রয়োজন।

তিনি বলেন, ইতোমধ্যে এই সংস্থার ৩৬ হাজার স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করছে এবং পুরো দেশ জুড়ে ৬৭৫ টি আশ্রয়কেন্দ্র খুলেছে।

এদিকে লুইস আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার বাণিজ্যিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

নিউ অরলিন্সের কর্মকর্তারা বলেছেন, পানিবন্দী মানুষদের উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন মৃত ব্যক্তিদের লাশ উদ্ধার কাজ শুরু করা হবে। মৃতদেহ উদ্ধারে পুলিশ ও সেনা সদস্যদের নিয়োগ করা হবে। এছাড়াও ফরেনসিক কর্মীদের কাজে লাগানো হয়েছে।

৯/১১ আত্মঘাতী হামলার চতুর্থ বার্ষিকীতে জাতীয় রেডিও সম্প্রচারে প্রেসিডেন্ট বুশ মার্কিনীদের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান করে বলেছেন, আজ আমেরিকা আরেক ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে।

তিনি উপসাগরীয় উপকূল এলাকাকে আগের চেয়ে আরও চমৎকার করে সাজানোর প্রতিশ্রুতি দিলেও ডেমোক্র্যাটরা তার এ মন্তব্যের সমালোচনা করেছে।

সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি বলেছেন, ক্যাটরিনার ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রশাসনিক অব্যবস্থাপনা আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয়, ১১ সেপ্টেম্বরের হামলার চার বছর পেরিয়ে গেলেও আমরা এখনও আরেকটি ভয়াবহ হামলা মোকাবেলায় প্রস্তুত নই।