পাকিস্তান ৪৩৫ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে
পাকিস্তান ১২ সেপ্টেম্বর সেদেশের বিভিন্ন কারাগারে আটক ৪৩৫ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়। বন্দি ভারতীয়দের মধ্যে ৩৭১ জন জেলে এবং ৬৪ জন সাধারণ নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ সেপ্টেম্বর ভারতের ওয়াগা সীমান্তে তাদের ভারতের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ভারতও ওই একই দিনে বিভিন্ন কারাগারে আটক ১৫২ জন পাকিস্তানি নাগরিককে মুক্তি দেবে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করছে ভারত সরকার সেদেশে আটক পাকিস্তানি নাগরিকদের সাজা শেষে দ্রুত মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।
গত ২৯-৩০ আগস্ট নয়াদিল্লীতে ভারত-পাকিস্তান কর্মকর্তাদের বৈঠকে দু’দেশের কারাগার থেকে বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।
