২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পারমাণবিক ইস্যু জাতিসংঘে উত্থাপন করতে চায় ইইউ: জার্মানি

জার্মানি বলেছে, ইরানের পারমাণবিক ইস্যুটির সুরাহা করতে ইউরোপীয় ইউনিয়ভুক্ত শক্তিশালী দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

অব্যাহত আন্তর্জাতিক চাপ অগ্রাহ্য করে ইরান তার স্থগিতকৃত পারমাণবিক কর্মসূচি পুনরায় সচল করেছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) যে বিবৃতি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হয়ে জার্মানি এ কথা জানাল।

আইএইএ নিশ্চিত করেছে, ইরান তার স্থগিতকৃত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সচল করেছে। ২০০৪ সালের ইইউ-ভূক্ত তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গড়া ইইউ-৩ এর সাথে ইরানের যে সমঝোতা হয়েছিল, এটা তার স্পষ্ট লংঘন।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ কমিশনের ডেপুটি প্রধান রুয়েডিগার লুয়েডিকিং বুধবার বলেন, পারমাণবিক কর্মসূচি প্রত্যাহারে ইরানকে চাপ দিতে আইএইএ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাবে। আইএইএ বোর্ড ১৯ সেপ্টেম্বর ইরান ইস্যু নির্ধারণ করতে এক বৈঠকে মিলিত হবে।

বার্লিনের আমেরিকান একাডেমিতে দেওয়া ভাষণে রুয়েডিগার বলেন, ইরান ইস্যুতে এখন যা ঘটছে সে বিষয়ে আমরা একত্রে সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করার দায়িত্ব এখন আইএইএ’র।

এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য আলী লারিজানি বলেছেন, আইএইএ’র নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা ও তাদের সাথে সমঝোতা করতে প্রস্তুত। তবে শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার বৈধ অধিকার থেকে তার দেশ সরে যাবে না।

পাকিস্তান সফররত লারিজানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সাথে এক বৈঠকে এ কথা বলেন।