ব্রিটেনের রক্ষণশীল দলের নেতৃত্বের দৌঁড়ে ফক্স
ব্রিটেনের ছায়া পরাষ্ট্রমন্ত্রী লিয়াম ফক্স রক্ষণশীল দলের নেতৃত্ব নেওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন।
ফক্স তার নির্বাচনী নীতিমালায় নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থা, সঞ্চয়, জনজীবনে সরকারের নগ্ন হস্তক্ষেপ, পরিবার, সম্প্রদায়, আইনের প্রতি শ্রদ্ধা ইত্যাদির ওপর জোর দেন।
এদিকে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বি কেন ক্লার্ক এবং ডেভিড ডেভিস উভয়ই লেবার পার্টির অর্থনৈতিক নীতির সমালোচনা করলেও ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিস এখনও তার প্রার্থীতার বিষয়ে ঘোষণা করেন নি।
ক্লার্ক গর্ডন ব্রাউনকে অর্থনৈতিক ব্যবস্থাপনার চাইতে প্রধানমন্ত্রীত্বের প্রতি বেশি মনোযোগী থাকার অভিযোগ করেছেন।
লন্ডন বিজনেস স্কুলের এক বক্তৃতায় তার উত্তরসূরী অর্থমন্ত্রী হিসেবে ব্রাউন টোরির অর্থনৈতিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সক্ষম হননি বলে অভিযোগ করেছেন। ক্লার্ক ব্রাউনকে একজন অসফল মন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ব্রিটিশ অর্থনীতি গুরুতর ঝুঁকির সম্মুখীন।
স্বল্প কর, মুক্তবাজার, অবাধ উদ্যোগের মত সাফল্যের দাবীদার হিসেবে নিজেকে উল্লেখ করে তিনি বলেন, রক্ষনশীল দল সম্পদ ও জীবনযাত্রার মানোন্নয়ন বুঝতে সক্ষম।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী স্যার ম্যালকম রিফকাইন্ড টোরির সমর্থকদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ব্রিটেনের সামাজিক সমস্যা ও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি ভঙ্গুর সমাজ ব্যবস্থা উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, কেবল মধ্যবিত্ত ভোটারদের নিয়ে চিন্তা করলে হবে না, দলকে ব্রিটেনের বিভিন্ন সমস্যার দিকে বেশি মনোযোগ দিতে হবে।
আট সাংসদ ক্লার্কের প্রচারণাকে সমর্থন জানিয়েছেন। এর মধ্যে হাউজ অব কমন্সের ছায়া নেতা ক্রিস গ্রেলিংও রয়েছেন।
