২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে জাতিসংঘের ব্যর্থতার দায়ভার গ্রহণ করলেন আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, ইরাকের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে জাতিসংঘ যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার দায়ভার পুরোটাই তার নিজের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:12 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

কর্মসূচিতে জাতিসংঘ কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আনান এ কথা বলেন।

স্বাধীন তদন্ত প্যানেলের প্রতিবেদনটি বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করা হয়। এতে ব্যাপকভাবে জাতিসংঘের সমালোচনা করা হয়েছে।

ইরাকের ৬৪ বিলিয়ন মার্কিন ডলারের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির তথ্যচিত্র তুলে ধরা হয়। এছাড়া চরম অব্যবস্থাপনার জন্য প্রতিবেদনে আনানকে দায়ী করা হয়েছে। তদন্ত দল জাতিসংঘে বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে।

আনান বলেছেন, তদন্তের প্রতিবেদন বড় ধরনের লজ্জার ব্যাপার। এটি জাতিসংঘের অদেখা রূপটি উন্মোচন করেছে। এটির বিষয়বস্তু সম্পর্কে সদস্য রাষ্ট্র, সংস্থাগুলো, ফান্ড ও তহবিলের কেউই গর্বিত হতে পারে না।

মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান পল ভোলকারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এ প্রতিবেদন তৈরি করে।

ইরাকের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তার ব্যক্তিগত স্বার্থে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি ব্যবহার করতে দেওয়ায় প্রতিবেদনে জাতিসংঘের ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ ও হিসাব নিরীক্ষণ করতে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করা হয়নি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়েও দুর্নীতির ঘটনা ঘটেছে।

পল ভোলকার বলেন, তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার এবং দুর্নীতির সাথে জাতিসংঘের ও ঠিকাদারদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল। অপ্রিয় হলেও সত্য আমরা সবগুলোর সত্যতা খুঁজে পেয়েছি।

তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ১৯৯০ সালের দিকে ইরাককে জাতিসংঘ সীমিত তেলে বিক্রির অনুমতি দেয়। জাতিসংঘের অবরোধের কারণে ইরাকের সাথে সদস্য রাষ্ট্রগুলোর সরাসরি বাণিজ্য বন্ধ হয়ে গেলে ইরাকের জনগণের কাছে খাদ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছাতে এ অনুমতি দেওয়া হয়।