২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান চাইলেন বুশ

যুক্তরাষ্ট্রে সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান চাইবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:59 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ইতোমধ্যে অনুমোদিত ১০ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার কার্য, বিশুদ্ধ পানি সরবরাহ এবং জনস্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে।

নিউ অরলিন্সের মেয়র রে নাগিন শহর ত্যাগ করতে ইচ্ছুক নয়, এমন লোকজনকে জোরপূর্বক অপসারণ ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। শহরে এখনও ১০ হাজার লোক রয়েছে।

কর্তৃপক্ষ বলছেন, ঘূর্ণিঝড় পরবর্তী বন্যার ফলে কলেরায় আক্রান্ত হয়ে পাঁচ ব্যক্তি মারা গেছে।

মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, বন্যার পানিতে ই.কোলিসহ নানা মারাত্মক ব্যাকটেরিয়ার জীবানু ছড়িয়ে পড়েছে।

নিউ অরলিন্সে নয় দিন পর পাম্প করে শহরের পানি অপসারণের ফলে তলিয়ে থাকা মৃতদেহ, আবর্জনা, জ্বালানী এবং পরিত্যক্ত গাড়িগুলি পড়ে থাকতে দেখা যায়।

মুখপাত্র স্কট ম্যাকক্লিলান বলেছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘূর্ণিঝড় পীড়িতদের সাহায্যে কোন রকম অবহেলা করা হচ্ছে না তবে নতুন প্রাপ্ত ৫১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তা যথেষ্ট নয়।

গত সপ্তাহে কংগ্রেসের কাছ থেকে ‘ডাউনপেমেন্ট’ হিসেবে ১০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তায় স্বাক্ষরের সময় আরও কিছু সহায়তার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ।

নতুন ত্রাণ সহায়তার বেশিরভাগ অর্থ ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) কে দেয়া হবে। এর মধ্যে নিউ অরলিন্সের বাঁধ মেরামতের জন্য ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার সামরিক এবং ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সেনা প্রকৌশলীদের কার্যক্রম খাতে ব্যয় করা হবে।

কংগ্রেসের বাজেট অফিসের হিসাব মতে ক্যাটরিনায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়নের বেশি। প্রায় ৪ লাখ লোক কর্মহীন হয়ে পড়বে।

মার্কিন তহবিল মন্ত্রী জন স্নো বলেছেন, অর্থনীতির ওপর এ প্রভাব মার্কিন প্রবৃদ্ধিকে অর্ধেক কমিয়ে দিলেও সংস্কার কর্মসূচীর ফলে ২০০৬ সালে অর্থনীতি পুনরায় চাঙ্গা হয়ে উঠবে।

এদিকে প্রেসিডেন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী ডেমোক্র্যাট দল। তারা সায়ত্ত্বশাসিত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

বুশ মঙ্গলবার বলেছেন, দুটো সিনেট কমিটিকে পৃথকভাবে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হলেও তিনি নিজে এককভাবে সব কিছু অনুসন্ধান করে দেখবেন।