২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের ‘তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির’ তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ সংস্কারের আহ্বান

ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির মত অভিযুক্ত দূর্নীতি রোধে অবিলম্বে জাতিসংঘের সংস্কার করা উচিত বলে একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 11:49 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রকাশের একদিন আগেই আংশিক প্রকাশিত ওই প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ প্রধান পল ভোলকার-এর নেতৃত্বে ওই প্রতিবেদনটে পণয়ন করা হয়েছে। এক হাজার পৃষ্ঠার ওই প্রতিবেদনে ইরাকি জনগণের স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে ৬৪ বিলিয়ন ডলারের কর্মসূচি পরিচালনায় সংস্থাটির অপারদর্শীতার কথা উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব কফি আনানের ভূমিকারও সমালোচনা করা হয়।

১৯৯০ সালে ইরাকে অর্থনৈতিক অবরোধ চলাকালে ইরাকি জনগণকে খাদ্য সরবরাহের জন্য তেল বিক্রির জন্য ওই কর্মসূচি নেওয়া হয়।

প্রতিবেদনে কর্মসূচি চলাকালে ‘অবৈধ’, ‘অনৈতিক’ এবং ‘দূর্নীতি’ মূলক আচরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া কর্মসূচির নিয়ন্ত্রণ কাঠামো ও হিসাব রক্ষণ ব্যবস্থা যথাযথ ছিল না বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এমনকি জাতিসংঘের মাঠ পর্যায়ের কর্মীদের পাশাপাশি শীর্ষ নেতারাও দূর্নীতির সাথে জড়িত বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয় তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা মহসচিবের নেতৃত্বও পরিষ্কার ছিল না এবং এ কারণে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়নি।

প্রতিবেদনের শেষাংশে কর্মসূচি ব্যবস্থাপনায় জাতিসংঘের ব্যর্থতার কারণে অবিলম্বে আরও শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি চুক্তির সাথে আনানের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে কফি আনানের মুখপাত্র জানিয়েছেন, পুরো প্রতিবেদনটি না দেখে আনান কোন মন্তব্য করতে রাজি নন।