২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ স্বীকার করেছেন সাদ্দাম: তালাবানি

ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, সাদ্দাম হোসেন তার শাসনামলে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন অপরাধ স্বীকার করেছেন এবং এজন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 09:34 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ইরাকের সরকারি টেলিভিশনে একজন বিচারকের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বিচারক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের স্বীকারোক্তি আদায় করতে সক্ষম হয়েছেন।

তালাবানি বলেন, সাদ্দামের প্রতিদিন ২০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ সে আমাকে ২০ বার হত্যার চেষ্টা করেছে।

ইরাক সরকার ১৯ অক্টোবর সাদ্দামের বিচারের তারিখ নির্ধারণ করেছে।

উত্তর বাগদাদের একটি শহরে শিয়া সম্প্রদায়ের ১৪৩ জনকে নৃশংসভাবে হত্যার অভিযোগে একই সাথে সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগিদেরও বিচার করা হবে।

এছাড়াও ১৯৮২ সালে দুজাইলে সংঘটিত হত্যাকাণ্ড প্রমাণিত হলেও তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হতে পারে।

ইরাকি টেলিভিশন চ্যানেল ইরাকিয়াকে তালাবানি বলেন, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিতে মৃত্যুদণ্ডের মত অপরাধের বিষয়টি রয়েছে।

প্রেসিডেন্ট বলেন, ওই স্বীকারোক্তির মধ্যে সাম্প্রতিক তদন্তাধীন মামলাগুলোও রয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সাবেক কুর্দি বিদ্রোহী নেতা তালাবানি সাদ্দামকে মৃত্যুদণ্ড দেওয়ার কয়েকশ’ কারণ রয়েছে বলে উল্লেখ করেন।

তবে দুজাইল হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের বিচারে যদি সাদ্দাম দোষী সাব্যস্ত হন, তাহলে খুব দ্রুত তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে বলে কয়েকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।