২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা সম্পর্কিত তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ নিজেই সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হয়েছে সেটির তদন্তে নেতৃত্ব দেবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 09:13 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ক্যাটরিনার আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে ভবিষ্যদ্বানী করা হলেও দুর্যোগ প্রতিরোধে ও দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন বিলম্বে সাড়া দিয়েছে বলে যে অভিযোগ বুশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে সে সম্পর্কে বলতে গিয়ে প্রেসিডেন্ট বুশ এ মন্তব্য করেন। তিনি বলেন, কি কি ঠিকমত সম্পন্ন হয়েছে আর কি কি হয়নি তা আমি খুঁজে বের করতে যাচ্ছি।

নিউ অরলিন্স অঙ্গরাজ্যে আঘাত হানা ক্যাটরিনা ও দুর্যোগ-পরবর্তী গৃহীত পদক্ষেপ খতিয়ে দেখতে মার্কিন সিনেট দ’ুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

নিউ অরলিন্স অঙ্গরাজ্যের প্রতিটি অধিবাসীকে স্থান ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

নগরীর সংবাদপত্রগুলো মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে। ফেমা’র বিরুদ্ধে তাদের অভিযোগ, সংকটের মুহূর্তে প্রয়োজন থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা পানি ও ডিজেল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

ক্যাটরিনা মোকাবেলা করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী, সিনেটর হিলারি ক্লিনটন তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট বুশ বলেছেন, সরকারের বিভিন্ন পর্যায় কিভাবে ক্যাটরিনার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে সে ব্যাপারটি অনুসন্ধান করে দেখা হবে। তবে তিনি কারও উপর কোন দায়ভার চাপাতে নারাজ। তিনি বলেন, ঝড়ের কারণে হাজার হাজার মানুষ যে গৃহহীন হয়েছে এবং তারা যে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে, সে ব্যাপারটিই তার কাছে বড়।

তিনি বলেন, পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগ অথবা মানববিধ্বংসী যে কোন ধরনের হামলাই হোক না কেন, হামলার প্রতি ঠিকমত সাড়া দেওয়া হয়েছে-এ ব্যাপারটি আমেরিকাকে নিশ্চিত করতে হবে।

সরকারের বিভিন্ন কাজের তদারকি করতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনি বৃহস্পতিবার গাল্ফ কোস্ট এলাকা পরিদর্শণে যাবেন বলে বুশ জানান।

এদিকে ক্যাটরিনার উপর বিস্তারিত, পূর্ণ ও নিরপেক্ষ তদন্তের যে দাবি উঠেছে, সে ব্যাপারেও বুশ প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্যাটরিনায় মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।